বাণিজ্যিক লেনদেনের প্রতিবন্ধকতা দূর করতে ইরান-ইরাক আলোচনা
-
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে ইরাকের বাণিজ্যমন্ত্রীর বৈঠক
পার্সটুডে- ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ইরাক সফরে গিয়ে দেশটির বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সহজতর করার উপায় এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক লেনদেনের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা হয়।
পার্সটুডে জানিয়েছে, দুই দেশের বাণিজ্যিক, বিনিয়োগ ও আর্থিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষ ইরান ও ইরাকের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পূর্ববর্তী চুক্তিগুলো বাস্তবায়ন এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে ব্যাংকিং সহযোগিতার মাত্রা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করা হয়।
বৈঠকে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুন নাসের হেম্মতি পণ্য রপ্তানি ও আমদানি সহজতর করতে বেসরকারি খাতের ব্যবসায়ীদের সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করেন। বিশেষ করে সীমান্ত ও প্রবেশপথগুলোতে বাণিজ্যিক লেনদেনের প্রক্রিয়া দ্রুত করতে নতুন কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।
অন্যদিকে, ইরাকের বাণিজ্যমন্ত্রী মোস্তফা নেজার আল-আনি দুই দেশের সহযোগিতা সম্প্রসারণকে স্বাগত জানান। তিনি অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ দূর করতে ইরাক সরকারের সদিচ্ছার কথা তুলে ধরেন। পাশাপাশি ইরানের সঙ্গে ইরাকের বাণিজ্যিক সম্পর্ক ও পারস্পরিক অর্থনৈতিক সংযোগ আরও শক্তিশালী করার জন্য সরকারের দৃঢ় অঙ্গীকারের কথাও তিনি উল্লেখ করেন।#
পার্সটুডে/এমআরএইচ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।