আরাকচি ও আরব লীগের মহাসচিবের বৈঠক
https://parstoday.ir/bn/news/iran-i163416-আরাকচি_ও_আরব_লীগের_মহাসচিবের_বৈঠক
পার্সটুডে: নিউইয়র্ক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরব লীগের মহাসচিব এবং কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।
(last modified 2026-09-26T09:37:19+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১৫:৩৫ Asia/Dhaka
  • আরাকচি ও আরব লীগের মহাসচিবের বৈঠক
    আরাকচি ও আরব লীগের মহাসচিবের বৈঠক

পার্সটুডে: নিউইয়র্ক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরব লীগের মহাসচিব এবং কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি আরব লীগের মহাসচিব নাবিল ফাহমির সঙ্গে বৈঠকে পারস্পরিক আস্থা জোরদারে ইরানের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন।

তিনি নিরাপত্তাকে একটি সমন্বিত ও অবিচ্ছেদ্য বিষয় হিসেবে উল্লেখ করে বলেন, এর জন্য অভিন্ন দায়িত্ব সম্পর্কে উপলব্ধি এবং গঠনমূলক পারস্পরিক যোগাযোগ প্রয়োজন।

আরাকচি ইরান ও আরব দেশগুলোর মধ্যে সংলাপ ও যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে ইরান ও আরব দেশগুলোর অভিন্ন শত্রুদের প্রচারণা থেকে সৃষ্ট ভুল বোঝাবুঝি ও উদ্বেগ দূর করা সম্ভব হবে।

আরব লীগের মহাসচিবও বৈঠকে আশা প্রকাশ করেন, সব আঞ্চলিক পক্ষের প্রচেষ্টা এবং সংলাপ ও যোগাযোগ সম্প্রসারণের মাধ্যমে পারস্পরিক আস্থা আরও জোরদার হবে এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়বে।

ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম বার্ষিক অধিবেশনের অবকাশে নিউইয়র্কে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আরাকচি আঞ্চলিক দেশগুলোর মধ্যে যোগাযোগ নির্ভর নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ পারস্পরিক আস্থা বাড়ানোর বিষয়ে ইরানের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন।

তিনি আশা প্রকাশ করেন, গত সাত মাসের তিক্ত অভিজ্ঞতা এবং ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের প্রস্তুতি ও বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কিছু আঞ্চলিক পক্ষের ভূখণ্ড ও সুযোগ-সুবিধার ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রভাবশালী সব আঞ্চলিক পক্ষ এ ক্ষেত্রে সহযোগিতা করবে।

যুক্তরাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনার দায়িত্বের ওপর জোর আরাকচির

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নেওয়া বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আরাকচি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর-এর সঙ্গেও বৈঠক করেন।

বৈঠকে ইরান ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি তুলে ধরে ইরানের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গ এবং ইরানের বিরুদ্ধে দেশটির আগ্রাসী পদক্ষেপ- বিশেষ করে সমুদ্র অবরোধ ও ইরানের বাণিজ্যিক জাহাজ চলাচলে হস্তক্ষেপ- আঞ্চলিক অস্থিতিশীলতা ও হরমুজ প্রণালীর নিরাপত্তাহীনতার প্রধান কারণ।

তিনি আগ্রাসনকারী পক্ষগুলোকে জবাবদিহির আওতায় আনার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বের ওপর জোর দেন।

ইরান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা দুই দেশের প্রতিবেশী অঞ্চলগুলোর পরিস্থিতি পর্যালোচনা করে নিরাপত্তা উন্নয়ন এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি ঠেকাতে বিদ্যমান সব সক্ষমতা কাজে লাগানোর গুরুত্বের ওপর জোর দেন।

পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীকে আরাকচি: হরমুজের নিরাপত্তাহীনতার জন্য দায়ী যুক্তরাষ্ট্রের আগ্রাসী পদক্ষেপ

পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকেও ইরানের শীর্ষ কূটনীতিক চলমান আঞ্চলিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি হরমুজ প্রণালীর বর্তমান নিরাপত্তাহীনতা ও জাহাজ চলাচলে বিঘ্নকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসী কর্মকাণ্ডের সরাসরি ফল হিসেবে উল্লেখ করেন।

আরাকচি বলেন, আঞ্চলিক জাহাজ চলাচলের নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার জন্য নিরাপত্তাহীনতা সৃষ্টিকারী কর্মকাণ্ড এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সন্ত্রাস বন্ধ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন ও এর সদস্য দেশগুলোর উচিত আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, স্বাধীন ও দায়িত্বশীল অবস্থান গ্রহণ করা।#

পার্সটুডে/এমআরএইচ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।