ইরানের বিরুদ্ধে যুদ্ধ বিশ্ব ও মার্কিন অর্থনীতিতে প্রভাব ফেলেছে: মেদভেদেভ
-
রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ
পার্সটুডে: রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের ফলে বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়েছে এবং যুক্তরাষ্ট্রের জনগণও এর প্রভাব নিজেদের অর্থনীতিতে অনুভব করছেন।
পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ শনিবার রাতে ইরানের নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বলপ্রয়োগ ও জবরদস্তিরও একটি সীমা রয়েছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে আগ্রাসী হামলা বিশ্ব অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে, যা যুক্তরাষ্ট্রকে মেনে নিতে হচ্ছে। তেলের দাম এবং ডিজেলের মূল্যবৃদ্ধিও মার্কিন করদাতাদের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অপরাধমূলক কর্মকাণ্ডের সমালোচনা করে মেদভেদেভ বলেন, তারা সবকিছু ধ্বংস করেছে এবং এর জন্য তারাই দায়ী। তারা নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। এখন তাদের সেই সিদ্ধান্তের পরিণতি ভোগ করতে দিন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মানুষ এখন উচ্চমূল্যের পেট্রল ও জ্বালানির মুখোমুখি। একই সঙ্গে তারা বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের ঘাটতি এবং উচ্চ মূল্যস্ফীতিরও সম্মুখীন হচ্ছে। মূলত এসব সমস্যা তারা নিজেরাই নিজেদের জন্য তৈরি করেছে। এখন তাদের এর ফল ভোগ করতে দিন।
মেদভেদেভ এই পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রের নীতির অন্যতম পরিণতি হিসেবে উল্লেখ করেন। তিনি সতর্ক করে বলেন, ওয়াশিংটনের সামরিক পদক্ষেপ ও একতরফা চাপ আন্তর্জাতিক নিরাপত্তার জন্য আরও গুরুতর পরিণতি ডেকে আনতে পারে।
বক্তব্যের আরেক অংশে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর একমুখী সিদ্ধান্ত গ্রহণ এবং একমেরু বিশ্বব্যবস্থার সমালোচনা করেন মেদভেদেভ। তিনি বলেন, বিশ্ব এই ধরনের নীতিতে ক্লান্ত হয়ে পড়েছে এবং ধীরে ধীরে একটি বহুমেরু বিশ্বব্যবস্থা গড়ে ওঠার দিকে এগিয়ে যাচ্ছে।#
পার্সটুডে/এমআরএইচ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।