অনূর্ধ্ব-১৬ ফুটবল বাছাইপর্ব: কিরগিজস্তানকে ৯-০ গোলে উড়িয়ে দিল ইরানি মেয়েরা
https://parstoday.ir/bn/news/iran-i18565-অনূর্ধ্ব_১৬_ফুটবল_বাছাইপর্ব_কিরগিজস্তানকে_৯_০_গোলে_উড়িয়ে_দিল_ইরানি_মেয়েরা
এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কিরগিজস্তানকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে ইরানের মেয়েরা। ইরানের পক্ষে ফাতেমা কাসেমি একাই ৫টি গোল দেন। এর আগে টুর্নামেন্টের প্রথম বাংলাদেশের কাছে ৩-০ গোলে হেরেছিল দলটি।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
আগস্ট ২৯, ২০১৬ ১৯:১৫ Asia/Dhaka
  • বিজয়ের পর ইরানিরা মেয়েরা। (ইনসেটে) ফাতেমা কাসেমি।
    বিজয়ের পর ইরানিরা মেয়েরা। (ইনসেটে) ফাতেমা কাসেমি।

এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কিরগিজস্তানকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে ইরানের মেয়েরা। ইরানের পক্ষে ফাতেমা কাসেমি একাই ৫টি গোল দেন। এর আগে টুর্নামেন্টের প্রথম বাংলাদেশের কাছে ৩-০ গোলে হেরেছিল দলটি।

আজ (সোমবার) ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বেশ গোছালো, পরিচ্ছন্ন ও আক্রমণাত্মক খেলা উপহার দিয়েছে ইরান। পক্ষান্তরে কিরগিজস্তানের খেলা ছিল অনেকটাই নিষ্প্রভ।
প্রথমার্ধের ১৮ মিনিটে ফাতেমা কাসেমির গোলে ১-০ তে লিড পায় ইরান। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মারাল তোর্কাম্যান।

খেলার ৪২ মিনিটে গোল করে ইরানকে ৩-০ তে নিয়ে যান ফাতেমা মাখদুমি। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান ৪-০ তে করেন রোকাইয়া জালাল নাসাব।
বিরতির পর আরও ধারালো আক্রমণ শুরু করে ইরানি মেয়েরা। ৫৪ মিনিটে কিরগিস্তানের জালে বল ঠেলে নিজের দ্বিতীয় গোল করেন ফাতেমা কাসেমি। খেলার ৭১ মিনিটে তিনি তৃতীয়বারের মতো গোল করে নিজের প্রথম হ্যাটট্টিক করার পাশাপাশি দলকে এগিয়ে দেন ৬-০’র বড় ব্যবধানে। এর ঠিক নয় মিনিট পর অর্থাৎ খেলার ৮০ মিনিটে আবার জ্বলে উঠেন ফাতেমা। তার চতুর্থ গোলে ইরান পায় ৭-০’র ব্যবধান।

ফাতেমা কাসেমির গোল উৎসবের দিনে থেমে ছিলেন না ফাতেমা মাখদুমিও। ৮৫ মিনিটে দ্বিতীয়বার কিরগিজস্তানের রক্ষণভাগ ভেঙে দলকে পাইয়ে দেন ৮-০ এর লিড। এরপর ৮৭ মিনিটে পঞ্চমবারের মতো ফাতেমা কাসেমির গোলে ৯-০ এর বড় ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে ইরান।

ইরানের পরবর্তী খেলার সময়সূচি

৩১ আগস্ট ইরান-আরব আমিরাত- বিকেল ৩টা

৩ সেপ্টেম্বর ইরান-সিঙ্গাপুর- বেলা ১১টা

৫ সেপ্টেম্বর ইরান-তাইওয়ান- বিকেল ৩টা


পার্সটুডে/আশরাফুর রহমান/২৯