পেজেশকিয়ান: ইরান ও রাশিয়া একে অপরের নির্ভরযোগ্য বন্ধু
https://parstoday.ir/bn/news/iran-i161282-পেজেশকিয়ান_ইরান_ও_রাশিয়া_একে_অপরের_নির্ভরযোগ্য_বন্ধু
পার্সটুডে – ইরানের প্রেসিডেন্ট রাশিয়ার জ্বালানিমন্ত্রীর সঙ্গে বৈঠকে তেহরান ও মস্কোর মধ্যে কৌশলগত চুক্তিগুলোর বাস্তবায়ন দ্রুততর করার ওপর জোর দিয়ে বলেন, যৌথ প্রকল্পগুলোর পথে থাকা প্রতিবন্ধকতা দূর করতে ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রস্তুত।
(last modified 2026-07-14T01:27:49+00:00 )
জুলাই ১৪, ২০২৬ ০৯:৫৭ Asia/Dhaka
  • দ্বিপক্ষীয় বৈক
    দ্বিপক্ষীয় বৈক

পার্সটুডে – ইরানের প্রেসিডেন্ট রাশিয়ার জ্বালানিমন্ত্রীর সঙ্গে বৈঠকে তেহরান ও মস্কোর মধ্যে কৌশলগত চুক্তিগুলোর বাস্তবায়ন দ্রুততর করার ওপর জোর দিয়ে বলেন, যৌথ প্রকল্পগুলোর পথে থাকা প্রতিবন্ধকতা দূর করতে ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রস্তুত।

পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়ার জ্বালানিমন্ত্রী সের্গেই সিভিলেভ'র সঙ্গে বৈঠকে বলেন, তেহরান ও মস্কোর সম্পর্ক কৌশলগত পর্যায়ে উন্নীত হয়েছে এবং দুই দেশের মধ্যে বিস্তৃত সহযোগিতা চুক্তি রয়েছে। তিনি বলেন, “আপনার ইরান সফর এবং ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা প্রমাণ করে যে, উভয় পক্ষই এসব চুক্তি বাস্তবায়নে আন্তরিক। এখন সময় এসেছে আলোচনার পর্যায় পেরিয়ে দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়ার।”

তিনি জ্বালানি, তেল, গ্যাস, পেট্রোকেমিক্যাল, শিল্প, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাণিজ্য, ট্রানজিট করিডোর উন্নয়ন এবং অন্যান্য অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতার ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, “দুই দেশের সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা সম্প্রসারণের যে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা রয়েছে, তাতে যৌথ প্রকল্পগুলোর বাস্তবায়নে ধীরগতি গ্রহণযোগ্য নয়।”পেজেশকিয়ান একতরফা নীতি, চাপ ও নিষেধাজ্ঞার মাধ্যমে স্বাধীন দেশগুলোকে নতিস্বীকারে বাধ্য করার মার্কিন প্রচেষ্টার সমালোচনা করে বলেন, “ইরান, রাশিয়া এবং বিশ্বের অন্যান্য স্বাধীন দেশ একতরফাবাদ ও অন্য জাতির ওপর ইচ্ছা চাপিয়ে দেওয়ার নীতি মেনে নেয় না। বৈজ্ঞানিক, শিল্প, অর্থনৈতিক ও নির্বাহী সহযোগিতা জোরজবরদস্তিমূলক নীতির প্রভাবকে নিষ্ক্রিয় করতে পারে এবং আন্তর্জাতিক ব্যবস্থায় আরও ন্যায়সঙ্গত শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়তা করতে পারে।”

বৈঠকে রাশিয়ার জ্বালানিমন্ত্রী সের্গেই সিভিলেভ চুক্তিগুলো বাস্তবায়নে মস্কোর দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে জানান, প্রতিটি প্রকল্পের জন্য বিশেষায়িত কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য যৌথ সহযোগিতা থেকে বাস্তব ও দৃশ্যমান ফল অর্জন করা, যাতে প্রমাণিত হয় যে ইরান ও রাশিয়া কৌশলগত সম্পর্ক উন্নয়নের সঠিক পথে এগিয়ে চলছে।”সিভিলেভ আরও বলেন, রাশিয়ার জনগণ ও কর্মকর্তাদের মধ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। তিনি বলেন, “রাশিয়ায় বিদেশি চাপের বিরুদ্ধে ইরানের স্বাধীন অবস্থান ও দৃঢ়তার প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে এবং ইরানের মতো নির্ভরযোগ্য বন্ধুকে পাশে পেয়ে আমরা গর্বিত।”

রাশিয়ার জ্বালানিমন্ত্রী জোর দিয়ে বলেন, “যেমন ইরান বিদেশি চাপ ও জবরদস্তির সামনে মাথা নত করেনি, তেমনি রাশিয়াও শক্তি প্রদর্শনের রাজনীতির কাছে কখনোই আত্মসমর্পণ করবে না।”#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।