পবিত্র ঈদুল আজহা পালন করেছেন বিশ্বের কোটি কোটি মুসলমান
বিশ্বের কোটি কোটি মুসলমান আজ (সোমবার) পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। ইরানসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে আজ ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সারা বিশ্বের মুসলমানরা হিজরি বর্ষের দ্বাদশ মাস জিলহজের ১০ তারিখে এই ঈদ উদযাপন করেন।
মহান আল্লাহ তায়ালার আদেশে হযরত ইবরাহিম (আ) নিজ পুত্র হযরত ইসমাইল (আ)কে কোরবানি করার যে ইচ্ছা ও ত্যাগ স্বীকার করেছিলেন সে কারণে সারা বিশ্বের মুসলমানেরা আল্লাহর কাছে নিজেদের সোপর্দ করে দেয়ার লক্ষ্যে পবিত্র হজের পরদিন ঈদুল আজহা উদযাপন করে থাকে।
ইরানের রাজধানী তেহরানে দেশটির সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি এ নামাজের ইমামতি করেন। ইরানের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণ এই জামাতে অংশগ্রহণ করেন।
আজ যেসব দেশে ঈদুল আজহা উদযাপিত হয়েছে সেসব দেশের মধ্যে রয়েছে সিরিয়া, ফিলিস্তিন, মিশর, ইরাক, সৌদি আরব, আফগানিস্তান, থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।
এ ছাড়া, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ বিশ্বের আরো কিছু দেশে একদিন দেরিতে জিলহাজ মাসের চাঁদ দেখা দেয়ায় এসব দেশে আগামীকাল (মঙ্গলবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২