হিজবুল্লাহ মুসলিম বিশ্বের গর্ব ও অহংকার: জাওয়াদ জারিফ
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ লেবানন সফরে গেছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, লেবানন এবং মধ্যপ্রাচ্যে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কর্মদক্ষতা গোটা মুসলিম বিশ্বের জন্য গর্ব।
আজ (মঙ্গলবার) রাজধানী বৈরুতে লেবাননে বসবাসরত ইরানি কর্মকর্তা এবং তাদের পরিবারবর্গের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জারিফ এ মন্তব্য করেন। একটি বিশাল বানিজ্যিক প্রতিনিধি দল সঙ্গে নিয়ে লেবানন সফরে যান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, হিজবুল্লাহ প্রতিরোধের এক জ্বলন্ত প্রতিক। এ আন্দোলনের নেত্রীবৃন্দ বিশেষ করে মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ কেবল লেবানন এবং ইরানের জন্যই নন; বরং তিনি গোটা মুসলিম বিশ্বের জন্য গর্ব ও অহংকার। তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইলের নিষ্ঠুরতা, দখলদারিত্ব এবং সহিংসতার বিরুদ্ধে হিজবুল্লাহর প্রতিরোধকামী আন্দোলন লেবাননকে ঐক্যবদ্ধ করেছে।
জারিফ বলেন, "২০০০ এবং ২০০৬ সালে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে লেবাননের জন্য বিজয় ছিনিয়ে এনেছে হিজবুল্লাহ। পাশাপাশি সিরিয়ায় তৎপর সৌদি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার সরকারকে অত্যন্ত সফলতার সঙ্গে সহযোগিতা দিয়ে আসছে এ প্রতিরোধ আন্দোলনটি।" সিরিয়ার চলমান সংকট যাতে লেবাননের ভূখণ্ডেও ছড়িয়ে না পড়ে সেজন্য হিজবুল্লাহ সিরিয়ার আসাদ সরকারকে সমর্থন দিচ্ছে বলে উল্লেখ করেন জারিফ।
এছাড়া, দীর্ঘ ২৯ মাসের শূন্যতা কাটিয়ে লেবাননের প্রেসিডেন্ট হিসেবে মিশেল আউন নির্বাচিত হওয়ায় এর প্রশংসা করেন ইরানের এ কর্মকর্তা। সম্প্রতি লেবাননের সংসদ সদস্যরা ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র মিশল আউনকে প্রেসিডেন্ট নির্বাচিত করেন।#
পার্সটুডে/বাবুল আখতার/ ৮