‘সন্ত্রাসবাদ’ ও ‘হস্তক্ষেপ’ বিশ্বের দুই প্রধান হুমকি: প্রেসিডেন্ট রুহানি
-
মঙ্গলবার প্রেসিডেন্ট রুহানির সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন চীনা প্রতিরক্ষামন্ত্রী
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, সন্ত্রাসবাদ এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বর্তমান বিশ্বের দু’টি প্রধান হুমকিতে পরিণত হয়েছে। এসব হুমকি প্রতিহত করার জন্য চীন ও ইরানের মধ্যে সহযোগিতা শক্তিশালী করা দরকার।
ইরান সফররত চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চ্যাং ওয়াঙ্কুয়ান মঙ্গলবার প্রেসিডেন্ট রুহানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। রুহানি বলেন, “সন্ত্রাসবাদের মতো বিশাল হুমকির বিরুদ্ধে যুদ্ধ করতে হলে তেহরান ও বেইজিংয়ের মধ্যে সহযোগিতা জোরদার করতে হবে।”
মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে ইরান ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, দক্ষিণ চীন সাগর এবং পারস্য উপসাগরসহ গোটা অঞ্চলের নিরাপত্তা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। একটি অঞ্চলকে অনিরাপদ রেখে আরেকটি অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা বোকামি ছাড়া কিছু নয়।
প্রেসিডেন্ট রুহানি চীনের সঙ্গে প্রতিরক্ষা খাতসহ সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। পারস্পরিক সম্মান রক্ষা ও যৌথ স্বার্থের ভিত্তিতে এ সহযোগিতা গড়ে ওঠা উচিত বলে তিনি মন্তব্য করেন।
সাক্ষাতে চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে ইরানের সঙ্গে সহযোগিতা জোরদার করতে তার দেশ খুবই আগ্রহী। মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠাকে চীন অত্যন্ত গুরুত্ব দেয় বলেও তিনি উল্লেখ করেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬