দায়েশ এবং তাকফিরি মতবাদ গোটা বিশ্বের জন্য হুমকি: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i26620-দায়েশ_এবং_তাকফিরি_মতবাদ_গোটা_বিশ্বের_জন্য_হুমকি_ইরান
উগ্র গোষ্ঠী দায়েশ এবং তাদের তাকফিরি মতবাদ বিশ্বের জন্য অন্যতম মারাত্মক হুমকি বলে জানিয়েছে ইরান। সেই সঙ্গে এদের মোকাবেলায় জাতীয় আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত সহযোগিতার প্রয়োজন বলে জোর দিয়েছে তেহরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৪, ২০১৬ ১৩:৫৯ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গোলাম হোসেইন দেহকানি
    জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গোলাম হোসেইন দেহকানি

উগ্র গোষ্ঠী দায়েশ এবং তাদের তাকফিরি মতবাদ বিশ্বের জন্য অন্যতম মারাত্মক হুমকি বলে জানিয়েছে ইরান। সেই সঙ্গে এদের মোকাবেলায় জাতীয় আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত সহযোগিতার প্রয়োজন বলে জোর দিয়েছে তেহরান।

গতকাল (বুধবার) জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গোলাম হোসেইন দেহকানি বলেন, আমরা সন্ত্রাসবাদ, সহিংস চরমপন্থা বিশেষ করে দায়েশ এবং তাকফিরি মতবাদ বর্তমান সময়ে গোটা বিশ্বের জন্য অন্যতম ভয়াবহ হুমকি হিসেবে বিবেচনা করছি।

'চলমান চ্যালেঞ্জ এবং হুমকি' বিষয়ে জাতিসংঘ এবং সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও'র যৌথ উদ্যোগে আমেরিকার নিউইয়র্কে আয়োজিত একটি আলোচনা সভায় দেহকানি এ মন্তব্য করেন।

ইরাক, সিরিয়া এবং বিশ্বের অন্যান্য দেশে সহিংসতা চালিয়ে আসা দায়েশ সন্ত্রাসীরা তাকফিরি ওয়াহাবি মতবাদ চর্চা করে আসছে। সৌদি আরবের মুফতিরা ওয়াহাবি এ উগ্র মতবাদ সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার চেষ্টা চালাচ্ছে এবং তা প্রচারে দেশটির রাজতান্ত্রিক সরকার আর্থিক পৃষ্ঠপোষকতা দিচ্ছে। 

দেহকানি বলেন, সংঘবদ্ধ অপরাধ, শান্তিরক্ষা এবং শান্তি প্রতিষ্ঠা, গণবিধ্বংসী অস্ত্র বিস্তার, সাইবার অপরাধ, এবং অবৈধ অভিবাসী সমস্যাগুলোও বিশ্বের জন্য হুমকি সৃষ্টি করছে। জাতিসংঘ এবং সাংহাই সহযোগিতা সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এসব হুমকি মোকাবেলা করা সহজ হবে বলেও মন্তব্য করেন ইরানের এ কূটনীতিক।#

পার্সটুডে/বাবুল আখতার/২৪