সন্ত্রাস দমনে নিজের দায়িত্ব পালন করুন: জাতিসংঘকে ইরান
জাতিসংঘে নিযুক্ত ইরানের ডেপুটি স্থায়ী প্রতিনিধি গোলাম হোসেইন দেহকানি বিশ্বব্যাপী সন্ত্রাসী তৎপরতার বিষয়ে সংস্থাটির নীরবতার কঠোর সমালোচনা করেছেন। তিনি জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতিকে লেখা এক চিঠিতে বলেছেন, সন্ত্রাস মোকাবেলায় জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে এবং কঠোর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, সম্প্রতি ইরাকের হিল্লায় যে সন্ত্রাসী হামলা হয়েছে তা ইরানি জিয়ারতকারীদের বিরুদ্ধে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএলের প্রথম কোনো হামলা নয়। এর আগেও এই সন্ত্রাসী গোষ্ঠী এ ধরনের বহু নৃশংস হামলা চালিয়েছে।
দেহকানি আরও বলেন, সন্ত্রাসীরা এ পর্যন্ত সিরিয়া ও ইরাকসহ বিভিন্ন দেশে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সন্ত্রাসীদের নির্মূলে আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে সঠিক দায়িত্ব পালনের সময় এসেছে। সবাইকে সন্ত্রাসীদের বিরুদ্ধে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, যেসব দেশ সন্ত্রাসীদের সমর্থন দিচ্ছে তাদেরকে সে পথ থেকে সরে আসতে হবে এবং সন্ত্রাস ও উগ্রপন্থার বিরুদ্ধে সংগ্রামে শামিল হতে হবে।
গত বৃহস্পতিবার তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ইরাকের হিল্লা শহরের কাছে বিস্ফোরকভর্তি একটি তেল ট্যাংকারে বিস্ফোরণ ঘটিয়ে অন্তত ১০০ জন জিয়ারতকারীকে হত্যা করেছে। নিহতদের মধ্যে অনেক ইরানিও রয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮