নোজেহ ঘাঁটি রাশিয়াকে ব্যবহার করতে দেয়ার পরিকল্পনা নেই: ইরান
-
নোজেহ বিমানঘাঁটির টারমাকে রুশ টিইউ-২২ বোমারু বিমান (১৫ আগস্ট ২০১৬ তারিখের ছবি)
ইরানের পশ্চিমাঞ্চলীয় নোজেহ বিমান ঘাঁটি রাশিয়াকে ব্যবহার করতে দেয়ার কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই বলে তেহরান জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সিরিয়ায় তৎপর জঙ্গিদের বিরুদ্ধে হামলার কাজে রুশ জঙ্গিবিমানগুলো আবার ইরানের বিমান ঘাঁটিটি ব্যবহার করতে পারে বলে সম্প্রতি গণমাধ্যমে খবর বেরিয়েছিল।
সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে কাসেমি বলেন, “আগের মতো ভবিষ্যতেও রাশিয়াকে আমাদের ভূমি ব্যবহার করতে দেব কিনা সেটা তখনকার পরিস্থিতির ওপর নির্ভর করবে। তবে বর্তমানে এ ধরনের কোনো এজেন্ডা সরকারের হাতে নেই।”
এর আগে গত ১৬ আগস্ট রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, সিরিয়ার জঙ্গিদের ওপর হামলা চালাতে ইরানের নোজেহ বিমান ঘাঁটি থেকে কয়েকটি রুশ জঙ্গিবিমান আকাশে উড়েছে। সে সময় মস্কো জানিয়েছিল, ভবিষ্যতেও পরিস্থিতির প্রয়োজনে দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে এ ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।
সিরিয়া সরকার গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে দেশটির ওপর বিদেশি মদদে চাপিয়ে দেয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে এ কাজে সহযোগিতা করছে ইরান ও রাশিয়া।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬