ইরানের জবাব: পারমাণবিক মোটর তৈরির লক্ষ্যে পরিকল্পনা প্রণয়নের নির্দেশ জারি
-
ড. হাসান রুহানি
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি সামুদ্রিক যানে ব্যবহার উপযোগী যন্ত্র (মোটর) এবং এর জ্বালানি তৈরির বিষয়ে পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং আণবিক শক্তি সংস্থা বা এইওআই'র প্রধানকে আলাদাভাবে এ নির্দেশ দেয়া হয়েছে।
সম্প্রতি মার্কিন সিনেট ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিষয়ে স্বাক্ষরিত বহুপক্ষীয় সমঝোতা লঙ্ঘনের পদক্ষেপ নেয়ার পর প্রেসিডেন্ট রুহানি এ নির্দেশ জারি করলেন।
ড. রুহানি আজ (মঙ্গলবার) ওই নির্দেশে বলেছেন, দেশের বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সংস্থাগুলোর সহযোগিতায় পারমাণবিক মোটরের নকশা প্রণয়ন ও তা নির্মাণের পাশাপাশি এসব যন্ত্রে ব্যবহারযোগ্য জ্বালানি তৈরির একটি সঠিক কর্ম-পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং সর্বোচ্চ তিন মাসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে হবে।
প্রেসিডেন্ট রুহানি আরও বলেছেন,"বহুপক্ষীয় পরমাণু সমঝোতা বা জেসিপিওএ-তে দেয়া প্রতিশ্রুতিগুলো পূরণে আমেরিকা ব্যর্থ হওয়ায় এবং মার্কিন কংগ্রেসে সম্প্রতি আরো দশ বছরের জন্য ইরান বিরোধী নিষেধাজ্ঞা বিল বা ইরান স্যাংশন অ্যাক্ট (আইএসএ) পাস হওয়ায় আমরা এ ধরনের ব্যবস্থা গ্রহণ করতেই পারি।"
তিনি বলেন, "আমি আগেই সতর্ক করেছিলাম যে, ইরান-বিরোধী নিষেধাজ্ঞা নবায়ন করা হলে তা হবে পরমাণু সমঝোতার স্পষ্ট লঙ্ঘন।"#
পার্সটুডে/বাবুল আখতার/সোহেল আহম্মেদ/১৩