চলতি ফার্সি বছরের শেষ নাগাদ ৩ কৃত্রিম উপগ্রহ পাঠাবে ইরান
ইরানের যোগাযোগ এবং তথ্য প্রযুক্তিমন্ত্রী মাহমুদ ভায়েজি বলেছে, চলতি ফার্সি বছরের শেষ নাগাদ ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি তিনটি কৃত্রিম উপগ্রহ কক্ষপথে পাঠানোর পরিকল্পনা করেছে। ২০১৭ সালের ২০ মার্চ চলতি ফার্সি বছর শেষ হবে।
তিনি জানান, এর মধ্যে শরিফ স্যাট নামের উপগ্রহ চলতি ফার্সি বছরের শেষ নাগাদ কক্ষপথে স্থাপন করা হবে। এ ছাড়াও আরো দু’টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাবে ইরান।
তিনি আরো জানান, ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণাগারে দেশটির তরুণ বিশেষজ্ঞরা এ তিন কৃত্রিম উপগ্রহ তৈরি করেছে।
এ ছাড়া, দূর-অনুধাবন কৃত্রিম উপগ্রহ নির্মাণ প্রসঙ্গেও কথা বলেন ইরানিমন্ত্রী। তিনি জানান, এ জাতীয় কৃত্রিম উপগ্রহ নির্মাণের বিষয়ে রাশিয়ার একটি কোম্পানির সঙ্গে চুক্তি সই করবে ইরান। চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী দুই বা তিন সপ্তাহের মধ্যেই চুক্তি সই হবে।#
পার্সটুডে/মূসা রেজা/২২