‘ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অস্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তি’
https://parstoday.ir/bn/news/iran-i30817-ইরান_মধ্যপ্রাচ্যের_সবচেয়ে_বড়_অস্থিতিশীলতা_সৃষ্টিকারী_শক্তি’
ইরানকে মধ্যপ্রাচ্যের ‘সবচেয়ে বড় অস্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তি’ হিসেবে অভিহিত করেছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনিত প্রতিরক্ষামন্ত্রী। বৃহস্পতিবার নিজের যোগ্যতা যাচাইয়ের জন্য মার্কিন সিনেটের এক শুনানিতে এ মন্তব্য করেন অবসরপ্রাপ্ত জেনারেল জেমস ম্যাটিস।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ১৩, ২০১৭ ০৪:০৮ Asia/Dhaka
  • অবসরপ্রাপ্ত জেনারেল জেমস ম্যাটিস
    অবসরপ্রাপ্ত জেনারেল জেমস ম্যাটিস

ইরানকে মধ্যপ্রাচ্যের ‘সবচেয়ে বড় অস্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তি’ হিসেবে অভিহিত করেছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনিত প্রতিরক্ষামন্ত্রী। বৃহস্পতিবার নিজের যোগ্যতা যাচাইয়ের জন্য মার্কিন সিনেটের এক শুনানিতে এ মন্তব্য করেন অবসরপ্রাপ্ত জেনারেল জেমস ম্যাটিস।

তিনি তার ভাষায় বলেন, ইরান মধ্যপ্রাচ্যে একক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার যে চেষ্টা করছে তাকে রুখে দেয়ার ব্যবস্থা করতে হবে।

অসংলগ্ন মন্তব্য করার জন্য এর আগে ‘ক্ষ্যাপা কুকুর’ হিসেবে পরিচিতি পাওয়া ম্যাটিস সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শুনানিতে বলেন, “ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অস্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তি এবং দেশটির নীতি আমাদের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক।”

আমেরিকার আসন্ন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিজের যোগ্যতা প্রমাণের জন্য জেনারেল ম্যাটিস সিনেট কমিটির সামনে ৫৬ পৃষ্ঠার লিখিত দলিল তুলে ধরেন। সেখানে তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষতিকারক প্রভাব দিন দিন বাড়ছে।”

ডোনাল্ড ট্রাম্পের মনোনিত প্রতিরক্ষামন্ত্রী অবশ্য পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতার বিপক্ষে কথা বলেননি।  নির্বাচনি প্রচারণার সময় ট্রাম্প ওই সমঝোতা বাতিল করার হুমকি দিলেও জেনারেল ম্যাটিস বৃহস্পতিবারের শুনানিতে বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা ‘অপূর্ণাঙ্গ’ হলেও ওয়াশিংটনের উচিত এটি মেনে চলা।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩