আরব আমিরাতের অভিযোগ ভিত্তিহীন: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i32383-আরব_আমিরাতের_অভিযোগ_ভিত্তিহীন_ইরান
ইরান আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে সংযুক্ত আরব আমিরাত যে অভিযোগ করেছে তেহরান তা ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। ইরান বলেছে, আরব আমিরাতের উচিত আরো বাস্তবভিত্তিক কথা বলা এবং বস্তাপচা ও ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করা থেকে বিরত থাকা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০১৭ ০৩:৩০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

ইরান আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে সংযুক্ত আরব আমিরাত যে অভিযোগ করেছে তেহরান তা ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। ইরান বলেছে, আরব আমিরাতের উচিত আরো বাস্তবভিত্তিক কথা বলা এবং বস্তাপচা ও ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করা থেকে বিরত থাকা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি শনিবার এক বিবৃতিতে এসব মন্তব্য করেন। তিনি বলেন, এ ধরনের ভিত্তিহীন অভিযোগ আঞ্চলিক দেশগুলোর মধ্যে মতপার্থক্য বাড়ানো ছাড়া আর কোনো ফল বয়ে আনবে না।

সম্প্রতি আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গারগাশ এক টুইট বার্তায় দাবি করেন, আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে ইরানের হস্তক্ষেপের কারণে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। তিনি বিভিন্ন ইস্যুতে ‘স্বচ্ছ’ আলোচনায় বসার লক্ষ্যে পারস্য উপসাগরীয় দেশগুলোকে সহযোগিতা করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানান।

এর  প্রতিক্রিয়ায় কাসেমি আরো বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান মধ্যপ্রাচ্যে ঐক্য, শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। সেইসঙ্গে ইরানি জনগণের স্বার্থে যেকোনো বিদ্বেষী আচরণের মোকাবিলায় আত্মরক্ষার আইনি অধিকারও সংরক্ষণ করছে তেহরান।

এর আগে বৃহস্পতিবার আরব আমিরাতে নিযুক্ত ইরানের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। ইরান ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদেরকে অস্ত্র সহযোগিতা দিচ্ছে বলে অভিযোগ তুলে এ সহযোগিতা বন্ধ করার আহ্বান জানায় আবু ধাবি। তবে হুথি যোদ্ধাদের অস্ত্র সরবরাহের অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে তেহরান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫