আইআরজিসি-কে ‘সন্ত্রাসী’ বলা নিয়ে ট্রাম্পকে মার্কিন কর্মকর্তাদের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/iran-i32671-আইআরজিসি_কে_সন্ত্রাসী’_বলা_নিয়ে_ট্রাম্পকে_মার্কিন_কর্মকর্তাদের_হুঁশিয়ারি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পরিকল্পনার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন দেশটির পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০১৭ ১৩:২৬ Asia/Dhaka
  • ফ্লোরিডার টাম্পায় মার্কিন সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর পরিদর্শন করছেন ডোনাল্ড ট্রাম্প
    ফ্লোরিডার টাম্পায় মার্কিন সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর পরিদর্শন করছেন ডোনাল্ড ট্রাম্প

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পরিকল্পনার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন দেশটির পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইরানের এলিট এ বাহিনী এবং মিশরের ইখওয়ানুল মুসলিমিনকে ট্রাম্প প্রশাসন বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে কালোতালিকাভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে বলে সিএনএন টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা। তবে ট্রাম্প এখনো এ ইস্যুতে নির্বাহী আদেশে সই করেন নি। এর আগেই মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা এর পরিণতি সম্পর্কে ট্রাম্পকে হুঁশিয়ার করেছে বলে সিএনএন জানিয়েছে।

গত সোমবার ফ্লোরিডার টাম্পায় মার্কিন সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর পরিদর্শনের সময় আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন বিবেচনার জন্য নির্বাহী আদেশে সই করার কথা ছিল ট্রাম্পের। কিন্তু পররাষ্ট্র দপ্তর ও প্রতিরক্ষা দপ্তরের তীব্র আপত্তির মুখেফ্লোরিডার টাম্পায় মার্কিন সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর পরিদর্শনে ট্রাম্প তা আপাতত স্থগিত করেন। এ অবস্থায় আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন  হিসেবে বিবেচনা করার জন্য ট্রাম্প আদৌ নির্বাহী আদেশে সই করবেন কিনা তা পরিষ্কার নয়।

ট্রাম্প প্রশাসনের ওই কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ট্রাম্পকে বলা হয়েছে, আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন  আখ্যা দেয়া হলে তা ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির জন্য মারাত্মক সমস্যা তৈরি করবে। কারণ তিনি ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে মার্কিন বাহিনীর পাশাপাশি আইআরজিসি’র সাহায্য নিচ্ছেন। এছাড়া, মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো বলেছে, আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দেয়া হলে ইরাকে মার্কিন দূতাবাসের কর্মীরা লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও মধ্য এশিয়া এবং ইরাক ও আফগানিস্তানের বিষয়টি দেখাশুনা করে মার্কিন সেন্ট্রাল কমান্ড।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯