ইরানের সামরিক শক্তি আত্মরক্ষার কাজে নিয়োজিত: রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, শুধুমাত্র আত্মরক্ষার স্বার্থে সামরিক সক্ষমতা শক্তিশালী করছে তার দেশ। তিনি আরো বলেছেন, ইরান এখন পর্যন্ত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়নি এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো পরিকল্পনা তার দেশের নেই।
ইরানের ইসলামি বিপ্লবের ৩৮তম বিজয় বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন রুহানি। তিনি জানান, “ইরানের সামরিক শক্তি শুধুমাত্র দেশ প্রতিরক্ষার কাজে ব্যবহৃত হচ্ছে।”
প্রেসিডেন্ট রুহানি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র (ইরান) কখনো অন্য দেশে আগ্রাসন চালায়নি এবং ভবিষ্যতেও চালানোর ইচ্ছা পোষণ করে না। কাজেই ইরানের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ তুলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টির প্রচেষ্টা মেনে নেয়া যায় না।”
বিভিন্ন দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টিকে সমর্থন করে ইরানের প্রেসিডেন্ট তার বক্তব্যের অন্য অংশে বলেন, জাতিগুলোকে পরস্পরের কাছাকাছি নিয়ে আসার যে দায়িত্ব সরকারগুলোর রয়েছে তা তাদের যথাযথভাবে পালন করা উচিত। কারণ, এর ফলে কোনো ক্ষতি ছাড়াই পারস্পরিক স্বার্থ রক্ষা ও উন্নয়নের লক্ষ্য অর্জিত হয়।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০