নিজেদেরকে রক্ষা করতেই আমরা ক্ষেপণাস্ত্র বানাচ্ছি: জাওয়াদ জারিফ
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ
শত্রুদের নানা হুমকি থেকে ইরানি জাতিকে রক্ষা করার নিছক উপায় হিসেবেই তার দেশ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘটাচ্ছে বলে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ মন্তব্য করেছেন। ইরান মধ্যপ্রাচ্যের জন্য প্রধান হুমকি সৃষ্টি করছে বলে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইল অভিযোগ করার পর জারিফের এ বক্তব্য এলো।
আজ (সোমবার) বিবিসি'র প্রধান আন্তর্জাতিক প্রতিনিধি লিস ডোসেটকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেন, 'আমাদের নিজেদেরকে রক্ষা করতে এই ক্ষেপণাস্ত্র। তিনি আরো বলেন, আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমাদের নিজেদেরকে সুরক্ষা এবং রক্ষা করার প্রস্তুতি হিসেবেই এই ক্ষেপণাস্ত্র।'
ইরানের প্রতিরক্ষা কার্যক্রমের প্রতি সমর্থন ব্যক্ত করেন জারিফ। তিনি ১৯৮০ সালে ইরানের ওপর ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের চাপিয়ে দেয়া আট বছরের যুদ্ধের কথা স্মরণ করে দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে ওই অন্যায় যুদ্ধে আমেরিকাসহ বিশ্বের বলদর্পী শক্তিগুলো সাদ্দাম হোসেনকে মদদ দিয়েছে।
তিনি আরো বলেন, 'আমাদের জনগণ ইতিহাসের সত্য ভুলে যায় নি যে, তাদের ওপর কিভাবে বোমা মারা হয়েছে। প্রত্যেকে আগ্রাসী শক্তিকে সহায়তা দিয়েছে কিন্তু আমাদের নিজেদেরকে রক্ষার জন্য কারোর কাছ থেকে নূন্যতম সামরিক সাহায্যটিও পায় নি।'
ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থার নেয়ার আমেরিকা, ইসরাইল এবং সৌদি আরবের হুমকি সম্পর্কে জাওয়াদ জারিফকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'প্রথমত আমরা জঙ্গলের আইন-কানুন নিয়ে কথা বলছি না। আমরা বরং আন্তর্জাতিক আইন-কানুন নিয়ে কথা বলছি। আর আন্তর্জাতিক আইন অনুসারে এই ধরনের অভিযান আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। আমরা তাদেরকে কেবল আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখানোর কথা বলব না বরং নিজেদেরকে গভীর বিপদে ফেলার আগে তাদেরকে এই ক্ষেত্রে যথেষ্ট বিচক্ষণতা এবং দুরদর্শিতার পরিচয় দেয়ার জন্য উপদেশ দেব।'#
পার্সটুডে/বাবুল আখতার/২০