আইআরজিসি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ট্রাম্প প্রশাসন
https://parstoday.ir/bn/news/iran-i33572-আইআরজিসি_নিয়ে_দ্বিধাদ্বন্দ্বে_ট্রাম্প_প্রশাসন
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার যে উদ্যোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়েছিলেন তা স্থগিত হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০১৭ ০৩:০৫ Asia/Dhaka
  • আইআরজিসি\'র একটি চৌকস সেনাদল (ফাইল ছবি)
    আইআরজিসি\'র একটি চৌকস সেনাদল (ফাইল ছবি)

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার যে উদ্যোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়েছিলেন তা স্থগিত হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পরিণতি খারাপ হাতে পারে বলে মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারা হুঁশিয়ারি উচ্চারণ করার পর ট্রাম্প প্রশাসন ওই পরিকল্পনা স্থগিত করে দেয়।

আইআরজিসি’র বিরুদ্ধে পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ইরানের পরমাণু সমঝোতার বাস্তবায়ন জটিল হয়ে উঠবে বলে মার্কিন কর্মকর্তারা ট্রাম্পকে সতর্ক করে দেন। এ কারণে পরিকল্পনাটি স্থগিত রেখে বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ বিতর্কের আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘এ পরিকল্পনা আমেরিকার জন্য বুমেরাং হতে পারে। এ কাজ করলে আর কোনো ইস্যুতে কোনোদিন ইরানিদেরকে আলোচনার টেবিলে আনা যাবে না।’

বার্তা সংস্থা রয়টার্স আরো জানিয়েছে, আমেরিকায় আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠনগুলোর তালিকাভুক্ত করার কাজ গত কয়েক সপ্তাহ ধরে চলছিল। চলতি ফেব্রুয়ারি মাসেই এ সংক্রান্ত ঘোষণা আসারও কথা ছিল। কিন্তু বর্তমানে এটি স্থগিত রয়েছে এবং সে ঘোষণা আর আদৌ আসবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউরোপীয় কর্মকর্তা বলেছেন, বিষয়টিকে আপাতত স্থগিত রাখা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। এই ইস্যুতে এখন পর্যন্ত কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউজ।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬