“আমেরিকা মানবাধিকার নিয়ে কথা বলার কে?”
-
বাহরাম কাসেমি
মার্কিন সরকার ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সম্প্রতি যে বক্তব্য দিয়েছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, অন্য দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলার ন্যুনতম অধিকার আমেরিকার নেই।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, আমেরিকার ভেতরে ও আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার লঙ্ঘনের চরম খারাপ রেকর্ড রয়েছে মার্কিন সরকারের। কাজেই এই বিষয়ে কথা বলার নৈতিক অধিকার ওয়াশিংটনের নেই।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদনে ইরান সম্পর্কে যেসব দাবি করেছে তার প্রতিটি কথা প্রত্যাখ্যান করেন কাসেমি।
৩ মার্চ প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের জনগণের বাক স্বাধীনতা নেই এবং তাদেরকে স্বাধীনভাবে রাজনৈতিক তৎপরতা চালাতে দেয়া হয় না। এ ছাড়া, ইরানে নারী অধিকার ক্ষুণ্ন হচ্ছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কোনো আন্তর্জাতিক সংস্থা একচোখা নীতি অবলম্বন করে এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে অন্য দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরির করার অনুমতি আমেরিকাকে দেয়নি।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫