পারস্য উপসাগরে আচরণ সংযত করুন: আমেরিকাকে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i35078-পারস্য_উপসাগরে_আচরণ_সংযত_করুন_আমেরিকাকে_ইরান
আমেরিকাকে পারস্য উপসাগরে নিজের জাহাজগুলোর চলাচল সাবধানে পর্যবেক্ষণ করার আহ্বান জানিয়েছে ইরান। পারস্য উপসাগরে ইরানি জাহাজগুলো ‘অপেশাদার আচরণ’ করেছে বলে ওয়াশিংটন অভিযোগ করার পর এ হুঁশিয়ারি উচ্চারণ করল তেহরান।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ২৬, ২০১৭ ০২:১২ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি
    ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি

আমেরিকাকে পারস্য উপসাগরে নিজের জাহাজগুলোর চলাচল সাবধানে পর্যবেক্ষণ করার আহ্বান জানিয়েছে ইরান। পারস্য উপসাগরে ইরানি জাহাজগুলো ‘অপেশাদার আচরণ’ করেছে বলে ওয়াশিংটন অভিযোগ করার পর এ হুঁশিয়ারি উচ্চারণ করল তেহরান।

ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি শনিবার এ সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, মার্কিন সূত্রগুলো ইরানি জাহাজের ‘অপেশাদার আচরণ’ সম্পর্কে যে খবর প্রকাশ করেছে তার সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই। এ ধরনের খবর হয় মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে অথবা অশুভ কোনো লক্ষ্য চরিতার্থ করার লক্ষ্যে প্রচার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

জেনারেল জাযায়েরি বলেন, “আমেরিকাকে অতীতের চেয়ে বেশি সাবধানে পারস্য উপসাগরে নিজের রণতরীগুলোর চলাচল পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে হবে।” ইরানের এ সেনা কমান্ডার বলেন, পারস্য উপসাগরে যেকোনো ধরনের বিশৃঙ্খলার জন্য আমেরিকাকে দায়ী থাকতে হবে। তাই আমরা আবারো মার্কিন সেনাদেরকে তাদের আচরণে পরিবর্তন আনার আহ্বান জানাচ্ছি।

সম্প্রতি মার্কিন নৌবাহিনী দাবি করে, গত ২১ মার্চ তাদের রণতরী জর্জ এইচ.ডাব্লিউ বুশ হরমুজ প্রণালি অতিক্রমের সময় ইরানি জাহাজগুলোর হাতে ‘হুমকিগ্রস্ত’ ও ‘নিগৃহীত’ হয়েছে। মার্কিন নৌবাহিনী আরো দাবি করেছে, তাদের রণতরীটি যখন পারস্য উপসাগরের উত্তর অংশের দিকে যাচ্ছিল তখন অন্তত ২০টি ইরানি গানবোট ওই রণতরীর গতি আটকানোর চেষ্টা করে।

রণতরীটির কমান্ডার রিয়ার অ্যাডমিরাল কেনেথ হুইসেল ইরানি গানবোটের এ পদক্ষেপকে ‘অপেশাদার আচরণ’ বলে উল্লেখ করেন। আমেরিকার এসব অভিযোগের জবাবে জেনারেল মাসুদ জাযায়েরি ওয়াশিংটনকে সতর্ক করে বক্তব্য রাখলেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬