মার্কিন ভাইস প্রেসিডেন্টের বক্তব্য নাকচ করল তেহরান
ইরান পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করছে বলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সম্প্রতি যে দাবি করেছেন তা নাকচ করে দিয়েছে তেহরান।
যুক্তরাষ্ট্রে ইহুদিবাদী ইসরাইল-পন্থি শক্তিশালী লবিং গোষ্ঠী আইপ্যাকের বার্ষিক সম্মেলনে দেয়া ভাষণে ইরান বিরোধী এ দাবি করেছিলেন মাইক পেন্স। আমেরিকা ইরানকে পরমাণু বোমা তৈরির সুযোগ দেবে না বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
তার এ বক্তব্য নাকচ করে দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রতিবেদন তুলে ধরে পেন্সের বক্তব্য নাকচ করেন তিনি। ২০১৫ সালে ইরানের সঙ্গে আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠীর চূড়ান্ত পরমাণু সমঝোতায় আইএইএ’কে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ঢোকার নজিরবিহীন সুযোগ দেয়া হয়েছিল।
বাহরাম কাসেমি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি স্বচ্ছ এবং আইএইএ’র সব প্রতিবেদনে ইরানের পরমাণু তৎপরতার শান্তিপূর্ণ প্রকৃতির কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।
তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইলকে অকুণ্ঠ সমর্থন দিচ্ছে আমেরিকা। এতে একদিকে ইহুদিবাদী ইসরাইল শত শত পরমাণু বোমা তৈরি করেছে অন্যদিকে গোটা মধ্যপ্রাচ্য এবং বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে।
এ ছাড়া, ইরানের প্রতিরক্ষা কর্মসূচি নিয়েও কথা বলেন কাসেমি। তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়নসহ গোটা প্রতিরক্ষা কর্মসূচি আত্মরক্ষামূলক। এটি কোনো দেশের বিরুদ্ধে নয় বলেও জানান তিনি। কাসেমি বলেন, ইরানের প্রতিরক্ষা শক্তি জোরদার করতে এবং এটি বজায় রাখতে তেহরান কারো উপদেশ গ্রহণ করে না বা এক্ষেত্রে কাউকে নাক গলাতেও দেয় না।#
পার্সটুডে/মূসা রেজা/২৮