সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে বিশ্ব জনমতকে জোরালো করতে হবে: রুহানি
-
ইরানের প্রেসিডেন্ট ড.হাসান রুহানি
ইরানের প্রেসিডেন্ট ড.হাসান রুহানি বলেছেন, এটা পরিতাপের বিষয় যে চারদিকে উগ্রবাদ ছড়িয়ে পড়ার বিষয়টি বিশ্ব অলসভাবে পর্যবেক্ষণ করছে। তিনি আরো বলেন, বিশ্বব্যাপী সন্ত্রাস এবং উগ্রবাদের মূল উৎপাটন করার লক্ষ্যে আন্তর্জাতিক সমাজের দৃঢ় সংকল্প থাকতে হবে।
মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ অনুষ্ঠানে দেয়া এক বক্তৃতায় প্রেসিডেন্ট রুহানি বলেন, 'দুর্ভাগ্যবশত, আজ আমরা বিশ্বে উগ্রবাদ বেড়ে যাওয়ার দৃশ্য প্রত্যক্ষ করছি।'
তিনি বলেন, আজ ইসলামি বিদ্বেষ, বর্ণবাদ এবং উগ্র তাকফিরি আদর্শ একে অন্যের সঙ্গে হাত মিলিয়েছে। আর এ ঐক্য মানুষের সততার বিরুদ্ধে চ্যালেঞ্জ সৃষ্টি করার পাশাপাশি সবাইকে সন্ত্রাস এবং উগ্রবাদের দিকে আকৃষ্ট করছে। ২০১৫ সালে জাতিসংঘে দেয়া 'সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে বিশ্ব' শীর্ষক তার প্রস্তাবনার প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট রুহানি বলেন, সন্ত্রাস ও উগ্রবাদ নির্মূল করার জন্য জোরালো ভূমিকা নেয়ার প্রয়োজনীয়তা অতীতের যে কোনো সময়ের তুলনায় আজ অধিক মাত্রায় অনুভূত হচ্ছে।
রুহানি বলেন দু:খজনক পরিস্থিতি সমাধানের ক্ষেত্রে সবাইকে প্রথমে সহনশীলতা ও সংযম দেখাতে হবে।এরপর বহুপক্ষীয় আলোচনার প্রতি নজর দিতে হবে। আর এটি করা হলে সব দেশেরই স্বার্থ রক্ষা পাবে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট রুহানি।#
পার্সটুডে/বাবুল আখতার/২৯