ইরান সম্পর্কে আরব লীগের দাবি ভিত্তিহীন: বাহরাম কাসেমি
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
ইরান আঞ্চলিক দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে আরব লীগ আবারো যে ভিত্তিহীন দাবি করেছে তার কড়া নিন্দা জানিয়েছে তেহরান। দেশটি বলেছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর ভিত্তি করেই ইরানের পররাষ্ট্র নীতি তৈরি করা হয়েছে।
জর্দানের একটি শহরে অনুষ্ঠিত আরব লীগের শীর্ষ সম্মেলন শেষে প্রকাশিত চূড়ান্ত ঘোষণায় তেহরান-বিরোধী বিবৃতি আজ (বৃহস্পতিবার) নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।
তিনি বলেন, অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন ইরানের নেই। বাহরাম কাসেমি বলেন, প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে ইরান সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো বলেন, তেহরান অন্যান্য দেশের সার্বভৌমত্বের পাশাপাশি বাইরের রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর নীতির প্রতি শ্রদ্ধাশীল।
কাসেমি বলেন, আঞ্চলিক দেশ এবং ইসলামিক বিশ্বের পাশাপাশি মুসলিম জাতিগুলোর বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র ও হুমকির প্রতি মনোযোগ না দিয়ে আরব লীগ বরং প্রকৃত শত্রুদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে বারবার ভুল করে যাচ্ছে।
গতকাল (বুধবার) আরব লীগের শীর্ষ সম্মেলন শেষে এক চূড়ান্ত ঘোষণায় কোনো দেশের নাম উল্লেখ না করে পরোক্ষভাবে ইরানের সমালোচনা করে বলা হয়েছে, আরব লীগ তার সদস্য দেশগুলোর আভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো দেশের হস্তক্ষেপের বিরোধী। এরই পরিপ্রেক্ষিতে বাহরাম কাসেমির বক্তব্য এলো।#
পার্সটুডে/বাবুল আখতার/৩০