'ইরান নয়, আমেরিকার মিত্র দেশগুলোই সন্ত্রাসীদের প্রধান পৃষ্ঠপোষক'
-
ইরানের পররাষ্ট্র মন্তণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
সন্ত্রাসবাদের প্রতি সমর্থন দেয়া বন্ধ করতে নিজের আঞ্চলিক মিত্র দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে ইরানের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ ও ভিত্তিহীন অভিযোগ বন্ধ করতেও ওয়াশিংটনকে পরামর্শ দিয়েছে তেহরান।
তেহরান সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে বলে সাম্প্রতিক সময়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস যে দাবি করেছেন তার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ (শনিবার) এ মন্তব্য করেন।
বাহরাম কাসেমি বলেন, ইরানের বিরুদ্ধে পক্ষপাতমূলক এবং ভিত্তিহীন অভিযোগ করার পরিবর্তে মার্কিন কর্মকর্তাদের বরং উচিত এ অঞ্চলে তাদের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত মিত্র দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করা যাতে তারা উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থনৈতিক, আদর্শগত এবং সামরিক সহায়তা বন্ধ করতে বাধ্য হয়।
ওয়াশিংটনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবই আদর্শিক এবং বস্তুগতভাবে চারদিকে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে। যেসব সন্ত্রাসী গোষ্ঠী মধ্যপ্রাচ্যে তৎপর রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই ওহাবি মতবাদে প্রভাবিত। সৌদি আরবের প্রত্যক্ষ মদদে এ উগ্র ওহাবি মতবাদ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এছাড়া, ইরাক ও সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদেরকে রিয়াদ বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে।
বাহরাম কাসেমি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিসের নতুন দাবিকে ভিত্তিহীন আখ্যায়িত করে তা নাকচ করে দিয়েছেন। সন্ত্রাসীদের অার্থিক ও আদর্শগত উৎস সম্পর্কে বলতে গিয়ে বাহরাম কাসেমি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক চেষ্টা ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হলো- অন্য দেশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার নীতি অব্যাহত রাখা।#
পার্সটুডে/বাবুল আখতার/১