যে কোনো মূল্যে মধ্যপ্রাচ্যে ইরানের জনপ্রিয়তা ও প্রভাব ঠেকাতে হবে: নিকি হিলি
জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি নিকি হিলি মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান জনপ্রিয়তা, শক্তিমত্তা ও প্রভাব বিস্তারের কথা স্বীকার করেছেন।
তিনি বলেছেন, যে কোনো মূল্যে ইরানকে মোকাবেলা করার জন্য আমেরিকাকে এগিয়ে আসতে হবে এবং এ ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের আরব মিত্র দেশগুলোর সহযোগিতা নিতে হবে। একই সঙ্গে তিনি সন্ত্রাসীদের প্রতি সমর্থন দেয়ার জন্য ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করেছেন।
বিশ্লেষকরা বলছেন, আমেরিকা বহু বছর ধরে জাতিসংঘে তার ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার করে আসছে। জাতিসংঘ ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনকে অবৈধ রাজনৈতিক স্বার্থ হাসিলের মাধ্যম হিসাবে ব্যবহার করছে মার্কিনীরা। আমেরিকা সম্প্রতি জাতিসংঘ বাজেটের জন্য নির্ধারিত অর্থ সহায়তা বন্ধ করে দেয়ায় এই সংস্থা সংকটে পড়েছে। এ ছাড়া, জাতিসংঘের নিয়মকানুনের কোনো তোয়াক্কা না করে আমেরিকা কোনো দলিল প্রমাণ ছাড়াই এই সংস্থাকে ব্যবহার করে অন্য দেশের বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ আরোপ করছে। মার্কিনীদের এ আচরণ অন্য দেশের অধিকারকে খর্ব করার পাশাপাশি এ সংস্থার প্রতি জাতিগুলোর আস্থা বিনষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আমেরিকা সন্ত্রাসবাদ মোকাবেলার কথা বললেও বিশ্বজুড়ে নিরাপত্তাহীনতা, যুদ্ধ, সংঘাত ও সন্ত্রাসবাদের বিস্তার করা ছাড়া আর কিছুই দিতে পারেনি। মার্কিন আচরণ ও কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে, তারা শুধু যে সন্ত্রাসবাদ মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে তাই নয় একই সঙ্গে তাদের শ্লোগান অনুযায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা, জাতিগুলোর অধিকার রক্ষা ও সংস্কৃতির প্রতি সম্মান দেখাতেও ব্যর্থ হয়েছে। আমেরিকাসহ পাশ্চাত্যের দেশগুলো কেবল নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব ও কর্তৃত্ব বিস্তারে ব্যস্ত।
সিরিয়া, ইরাক ও ইয়েমেনের দুঃখজনক ঘটনাবলী এবং পশ্চিম এশিয়া থেকে শুরু করে উত্তর আফ্রিকা পর্যন্ত দেশগুলোর ঘটনাবলীতে আমেরিকার এ আচরণের বিষয়টি লক্ষ্য করা যায়। আমেরিকাই এসব অঞ্চলে সহিংসতা, যুদ্ধ ও উগ্রবাদের বিস্তার ঘটিয়েছে। এ ক্ষেত্রে জাতিসংঘ আমেরিকার সেবাদাসে পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক সমাজের তীব্র সমালোচনা সত্বেও এ ধারা অব্যাহত রয়েছে।
আমেরিকা, ইসরাইল ও পাশ্চাত্যের অন্য দেশ এবং কয়েকটি আরব দেশের সহযোগিতায় দায়েশ ও আন্ নুসরার মতো ভয়ঙ্কর যেসব সন্ত্রাসী গ্রুপ গড়ে উঠেছে তারা এখন আর কোনো সীমান্ত মানে না। সন্ত্রাসীদের দৌরাত্বের বিষয়টি উপলব্ধি করেই ইরান বহুবার সতর্ক করে দিয়ে এসব সন্ত্রাসী গোষ্ঠী মোকাবেলার আহ্বান জানিয়েছে।#
পার্সটুডে/মো. রেজওয়ান হোসেন/৪