সিরিয়ায় মার্কিন হামলায় কেবল সন্ত্রাসী গোষ্ঠীগুলোই শক্তিশালী হবে: ইরান
সিরিয়ার একটি সামরিক ঘাঁটিতে মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, এতে কেবল সন্ত্রাসী গোষ্ঠীগুলোই শক্তিশালী হবে। আজ (শুক্রবার) এক বিবৃতিতে এ নিন্দা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।
তিনি বলেন, মার্কিন রণতরীগুলো থেকে এককভাবে ক্ষেপণাস্ত্র হামলার কঠোর নিন্দা করছে ইরান। সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের আশ-শাইরাত বিমান ঘাঁটিতে এ হামলা করা হয়েছে। ইদলিবে পরিচালিত রাসায়নিক হামলার জন্য দামেস্ক সরকারকে দায়ী করে এ হামলা চালানো হয়।
কাসেমি আরো বলেন, আধুনিক ইতিহাসে রাসায়নিক হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইরান। রাসায়নিক হামলা যারাই চালিয়ে থাকুক এবং যারাই ক্ষতিগ্রস্ত হোক না কেন ইরান তার কঠোর নিন্দা করে বলেও জানান তিনি।
কিন্তু রাসায়নিক হামলাকে একতরফা ক্ষেপণাস্ত্র হামলার অজুহাত হিসেবে ব্যবহার করাকে বিপজ্জনক, ধ্বংসাত্মক এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেন তিনি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইদলিবের হামলা কারা করেছে এবং কারা এতে লাভবান হয়েছে সে বিষয়টি যখন রহস্যের আড়ালে ঢাকা পড়েছে তখন সিরিয়ার বিরুদ্ধে মার্কিন হামলা করা হলো। তিনি বলেন, ওয়াশিংটনের এ তৎপরতায় সিরিয়াসহ গোটা মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী গোষ্ঠীগুলোই কেবল শক্তিশালী হবে। এ ছাড়া, এ হামলার মাধ্যমে বিরাজমান পরিস্থিতিকে আরো জটিল করে তোলা হবে বলেও জানান তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/৭