মার্কিন আগ্রাসন ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i35828-মার্কিন_আগ্রাসন_ধ্বংসাত্মক_পরিণতি_বয়ে_আনবে_রুহানি
সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি এ ধরনের মার্কিন পদক্ষেপের বিরোধিতা করার জন্য বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আমেরিকার এরকম আগ্রাসী তৎপরতা মধ্যপ্রাচ্য ও গোটা বিশ্বের জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ০৮, ২০১৭ ০১:৫৬ Asia/Dhaka
  • মার্কিন আগ্রাসন ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে: রুহানি

সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি এ ধরনের মার্কিন পদক্ষেপের বিরোধিতা করার জন্য বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আমেরিকার এরকম আগ্রাসী তৎপরতা মধ্যপ্রাচ্য ও গোটা বিশ্বের জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে।

প্রেসিডেন্ট রুহানি শুক্রবার রাতে এক টুইটার বার্তায় এ আহ্বান জানান। বার্তায় তিনি বলেন, এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের প্রসার ঘটবে।

বিশ্বে বর্তমানে যে অন্যায় ও বিশৃঙ্খল অবস্থা চলছে তার নিন্দা জানান রুহানি।  তিনি বলেন, জাতিসংঘের অনুমোদনের কোনো তোয়াক্কা না করে শুক্রবার যে একতরফা হামলা আমেরিকা চালিয়েছে তা জঙ্গলের আইনকেও হার মানায়।

ইরানের প্রেসিডেন্ট সিরিয়ার ইদলিব প্রদেশের খান শাইখুনে মঙ্গলবারের রাসায়নিক হামলারও তীব্র নিন্দা জানান। তিনি বলেন,ওই হামলা ইরানি জনগণকে ১৯৮০’র দশকে ইরাকের তৎকালীন শাসক সাদ্দামের রাসায়নিক হামলার কথা স্মরণ করিয়ে দিয়েছে। এই গণবিধ্বংসী অস্ত্র যে কতটা ভয়াবহ ও দুর্বিষহ হতে পারে তা ইরান জানে।

ভূমধ্যসাগরি মোতায়েন মার্কিন বাহিনী শুক্রবার ভোররাতে সিরিয়ার হোমস প্রদেশের একটি বিমান ঘাঁটিতে ৫৯টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ হামলায় চার শিশুসহ নয় বেসামরিক নাগরিক নিহত ও অপর সাতজন আহত হয়। আমেরিকা সিরিয়ার ইদলিব প্রদেশে মঙ্গলবারের রাসায়নিক হামলার জন্য দামেস্ককে দায়ী করে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অথচ সিরিয়া সরকার রাসায়নিক হামলা চালানোর অভিযোগ তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮