সন্ত্রাসবাদ নির্মূল করতে একই ফ্রন্টে লড়ছে ইরানি ও সিরিয় জনগণ: দেহকান
https://parstoday.ir/bn/news/iran-i37206-সন্ত্রাসবাদ_নির্মূল_করতে_একই_ফ্রন্টে_লড়ছে_ইরানি_ও_সিরিয়_জনগণ_দেহকান
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহ্‌কান বলেছেন, সন্ত্রাসবাদ নির্মূল এবং স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে একই ফ্রন্টে লড়াই করছে ইরানি ও সিরিয় জনগণ।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ০২, ২০১৭ ১৩:১৭ Asia/Dhaka
  • জেনারেল আলী আবদুল্লাহ আইয়ুব (বামে) এবং ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহ্‌কান (ডানে)
    জেনারেল আলী আবদুল্লাহ আইয়ুব (বামে) এবং ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহ্‌কান (ডানে)

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহ্‌কান বলেছেন, সন্ত্রাসবাদ নির্মূল এবং স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে একই ফ্রন্টে লড়াই করছে ইরানি ও সিরিয় জনগণ।

তেহরান সফররত সিরিয় সেনাপ্রধান জেনারেল আলী আবদুল্লাহ আইয়ুবের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন দেহ্‌কান। তিনি বলেন, ইরাক ও সিরিয়ায় তৎপর সন্ত্রাসবাদের দুষ্টচক্র আন্তর্জাতিক হুমকি হয়ে দেখা দিয়েছে এবং নির্মূল করা না গেলে এটি বিশ্বকে বিপদগ্রস্ত করে তুলবে।

সিরিয়ার বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, সিরিয়ার বিরুদ্ধে কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়া হলে পরিস্থিতির আরো অবনতি ঘটবে।

দেহকান বলেন, আধিপত্যকামী শক্তিগুলো ইহুদিবাদী ইসরাইলকে রক্ষার লক্ষ্যে সন্ত্রাস বিরোধী প্রতিরোধকে দুর্বল করার চেষ্টা করছে। পাশাপাশি পশ্চিমা দেশগুলো সন্ত্রাসীদের ভেঙে পড়া মনোবল চাঙ্গা করতে এবং মধ্যপ্রাচ্যে তাদের উপস্থিতিকে বৈধতা দেয়ার চেষ্টা করছে বলে জানান তিনি।

এছাড়া সৌদি আরবের কঠোর সমালোচনা করেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী। সৌদি আরব আমেরিকার তাবেদারি এবং ইহুদিবাদী ইসরাইলের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে জানান তিনি। রিয়াদের এ তৎপরতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে বলে জানান জেনারেল দেহকান।

সাক্ষাতে সিরিয়ার সেনাপ্রধান জেনারেল আলী আবদুল্লাহ আইয়ুব বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ছয় বছরের প্রতিরোধ যুদ্ধে সিরিয়ার বিজয়ে ইরানের অনেক বড় অবদান রয়েছে।

বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের তৎপরতার মুখে ইরাক ও সিরিয়াকে সামরিক পরামর্শমূলক সমর্থন দিচ্ছে ইরান।#

পার্সটুডে/মূসা রেজা/২