আমেরিকাকে জলবায়ু চুক্তি মেনে চলতে বাধ্য করুন: আন্তর্জাতিক সমাজকে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i39352-আমেরিকাকে_জলবায়ু_চুক্তি_মেনে_চলতে_বাধ্য_করুন_আন্তর্জাতিক_সমাজকে_ইরান
ইরান বলেছে, প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার মার্কিন সিদ্ধান্তে বিশ্বের দেশগুলোর সঙ্গে আমেরিকার দূরত্ব আরো বাড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্ব সমাজের প্রতি ওয়াশিংটনের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বহন করে বলেও তেহরান মন্তব্য করেছে।
(last modified 2026-08-28T10:43:06+00:00 )
জুন ০৪, ২০১৭ ০৫:৪৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

ইরান বলেছে, প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার মার্কিন সিদ্ধান্তে বিশ্বের দেশগুলোর সঙ্গে আমেরিকার দূরত্ব আরো বাড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্ব সমাজের প্রতি ওয়াশিংটনের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বহন করে বলেও তেহরান মন্তব্য করেছে।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের রোজ গার্ডেনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, তিনি আমেরিকাকে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের করে আনার ঘোষণা দিচ্ছেন।  আমেরিকা ও তার জনগণকে রক্ষার ‘গুরুদায়িত্ব’ পালনের জন্য তিনি এ সিদ্ধান্ত নিচ্ছেন বলে দাবি করেন ট্রাম্প।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ সম্পর্কে বলেছেন, জলবায়ু পরিবর্তন গোটা বিশ্বের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।  এর ভয়াবহ প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য বিশ্বের সব দেশের মধ্যে বিশেষ করে শিল্পোন্নত দেশগুলোর মধ্যে পূর্ণাঙ্গ ও আন্তরিক সহযোগিতা দরকার।  

কাসেমি বলেন, বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর ওপর বিশেষ করে পশ্চিম এশিয়ার দেশগুলোর ওপর এই চ্যালেঞ্জ ধ্বংসাত্মক প্রভাব ফেলবে বলে তিনি মন্তব্য করেন। কাসেমি বলেন, মাত্রাতিরিক্ত উষ্ণতা, দুর্ভিক্ষ, ধুলিঝড়, নতুন করে সৃষ্ট কিছু রোগ, সাধারণ মানুষের বাস্তুচ্যুতি ও অভিভাসন ইত্যাদি হচ্ছে জলবায়ু পরিবর্তনের কিছু অবশ্যম্ভাবী প্রভাব।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যে দেশটি দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার গ্রিনহাউজ গ্যাস উৎপাদন করে তার পক্ষ থেকে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি এ চুক্তি মেনে চলতে আমেরিকাকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।  

কাসেমি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান মনে করে, গ্রিন হাউজ গ্যাসের ক্ষতিকর প্রভাবের ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তন রোধের জন্য বিশ্বের বেশিরভাগ দেশ যে চুক্তিতে পৌঁছেছে তা থেকে আমেরিকা একতরফাভাবে বেরিয়ে যেতে পারে না।

২০১৫ সালে স্বাক্ষরিত প্যারিস জলবায়ু চুক্তিতে অ্যামেরিকাসহ আরো ১৮৭টি দেশ মিলে অঙ্গীকার করেছিল যে, তারা বৈশ্বিক উষ্ণায়নের মাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের কম রাখবে; এমনকি দেড় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামিয়ে আনতে চেষ্টা করবে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪