হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের স্মার্ট ডুবোযান আটকের গোয়েন্দা ও সামরিক দিক
-
যুক্তরাষ্ট্রের স্মার্ট ও চালকবিহীন সাবমেরিন
পার্সটুডে-হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি স্মার্ট আন্ডারওয়াটার ভেহিকল ইরানের হাতে আটক হয়েছে বলে দাবি করা হয়েছে।
পার্সটুডে আরও জানিয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ-ইউনিট ১২ নম্বর বিবৃতিতে জানায়, মঙ্গলবার ভোরে একটি জটিল গোয়েন্দা ও অপারেশনাল তৎপরতার মাধ্যমে হরমুজ প্রণালির প্রবেশমুখে মার্কিন সামরিক বাহিনীর অন্যতম আধুনিক চালকবিহীন ও স্বয়ংক্রিয় ডুবোযান আটক করা হয়েছে। দাবি অনুযায়ী, এটি বিশ্বের সর্বাধুনিক সাবমেরিন প্রযুক্তির একটি এবং ২০২৫ সালে মার্কিন সামরিক বহরে যুক্ত হয়েছিল।
এদিকে রয়টার্স এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, একদিনেরও বেশি আগে পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক বাহিনীর একটি চালকবিহীন সাবমেরিন প্রযুক্তিগত ত্রুটির শিকার হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হাতে মার্কিন স্মার্ট ডুবোযান আটক হওয়ার নেতিবাচক প্রভাব কমিয়ে ঘটনাটিকে গুরুত্বহীন হিসেবে উপস্থাপনের উদ্দেশ্যে ওয়াশিংটন এমন দাবি করে থাকতে পারে।
মার্কিন উন্নত চালকবিহীন ডুবোযান “Dive-LD” ইরানের নৌবাহিনীর হাতে আটক হওয়ার খবরকে ইরান-যুক্তরাষ্ট্রের সামুদ্রিক সংঘাতের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা ঘটনা হিসেবে বিবেচনা করা যেতে পারে। এর গুরুত্ব শুধু একটি চালকবিহীন যান দখলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে এর মিশনের ধরন, ব্যবহৃত প্রযুক্তি এবং পানির নিচে গোপনে ও স্বয়ংক্রিয়ভাবে কাজ করার জন্য তৈরি একটি ব্যবস্থাকে শনাক্ত, অনুসরণ ও আটক করার সক্ষমতা।
Dive-LD মার্কিন কোম্পানি Anduril-এর তৈরি একটি বড় আকারের স্বয়ংক্রিয় ডুবোযান। প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, এর দৈর্ঘ্য প্রায় ৫.৮ মিটার, ব্যাস ১.২ মিটার, এটি সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত কাজ করতে পারে এবং প্রায় ৬,০০০ মিটার গভীরতা পর্যন্ত অভিযান চালানোর সক্ষমতা রয়েছে। এর মডুলার নকশা, বিভিন্ন সেন্সর ও পেলোড সংযুক্ত করার সক্ষমতা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, ডুবো পর্যবেক্ষণ, মাইন শনাক্তকরণ এবং সামুদ্রিক অবকাঠামো পরিদর্শনের মতো বিভিন্ন মিশন পরিচালনার সক্ষমতা এটিকে একটি বহুমুখী প্ল্যাটফর্মে পরিণত করেছে।
প্রতিবেদনের বিশ্লেষণ অনুযায়ী, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে পরিত্যক্ত মাইন শনাক্ত করার পাশাপাশি মাইন স্থাপনকারী নৌযানসহ বিভিন্ন সামুদ্রিক গতিবিধি পর্যবেক্ষণ ও শনাক্ত করতে এই চালকবিহীন ডুবোযান ব্যবহার করে থাকতে পারে।
এই বৈশিষ্ট্যগুলোর কারণে এমন একটি ডুবোযান অক্ষত বা আংশিকভাবে অক্ষত অবস্থায় পাওয়া গেলে এর গোয়েন্দাগত মূল্য এর আর্থিক মূল্যের চেয়ে অনেক বেশি হতে পারে। কারণ এর সেন্সর, নির্দেশনা ব্যবস্থা, নেভিগেশন, যোগাযোগ ব্যবস্থা, সফটওয়্যার স্থাপত্য এবং ব্যবহৃত পেলোড সম্পর্কে তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা মূল্য বহন করতে পারে।
এই ঘটনার প্রথম গুরুত্বপূর্ণ প্রভাব গোয়েন্দা ক্ষেত্রে। ডুবোযানটি যদি শনাক্ত করার পর এমনভাবে উদ্ধার করা হয়ে থাকে যে এর গুরুত্বপূর্ণ অংশগুলো অক্ষত রয়েছে, তাহলে এর প্রযুক্তিগত পরীক্ষা যুক্তরাষ্ট্রের স্বয়ংক্রিয় ডুবোযানগুলোর নকশা ও সক্ষমতা সম্পর্কে আরও ভালো ধারণা দিতে পারে। এর কাঠামো, শক্তি ব্যবস্থা, প্রপালশন, সেন্সর, নেভিগেশন সরঞ্জাম এবং বিভিন্ন পেলোডের সমন্বয় বিশ্লেষণ করা ভবিষ্যতে নিজস্ব প্রযুক্তি উন্নয়ন ও প্রতিরোধমূলক ব্যবস্থা তৈরিতে সহায়ক হতে পারে।
দ্বিতীয় দিকটি হলো সামরিক ও অপারেশনাল প্রভাব। স্বয়ংক্রিয় ডুবোযানের মূল উদ্দেশ্য হলো মানুষের সরাসরি উপস্থিতি কমিয়ে এমন পরিবেশে গোপনীয়তা বাড়ানো, যেখানে কোনো যান শনাক্ত করা কঠিন। ফলে একটি Dive-LD শনাক্ত, অনুসরণ এবং আটক করার ইরানি সক্ষমতা পানির নিচে নজরদারি, সামুদ্রিক গোয়েন্দা তথ্য সংগ্রহ, সেন্সর নেটওয়ার্ক এবং গোপন হুমকি মোকাবিলার সক্ষমতা থাকার বা তা আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত দিতে পারে।
হরমুজ প্রণালীর ক্ষেত্রে এর গুরুত্ব আরও বেশি। কারণ এই অঞ্চলের সামুদ্রিক প্রতিযোগিতা শুধু পানির ওপর সীমাবদ্ধ নয়; পানির নিচেও গোয়েন্দা নজরদারি, মাইন শনাক্তকরণ, জাহাজ ও সামুদ্রিক অবকাঠামো পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তৃতীয় প্রভাব হলো প্রতিরোধমূলক ও মনস্তাত্ত্বিক প্রভাব। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়ার পরিস্থিতিতে উন্নত চালকবিহীন ব্যবস্থার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সক্ষমতা প্রদর্শন এই বার্তা দিতে পারে যে, স্বয়ংক্রিয় প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কোনো ব্যবস্থাকে শনাক্তকরণ ও প্রতিরোধের বাইরে রাখে না।
প্রতিবেদনের বিশ্লেষণ অনুযায়ী, Dive-LD আটক করার কৌশলগত মূল্য তিনটি স্তরে দেখা যেতে পারে-প্রযুক্তি বিশ্লেষণ থেকে গোয়েন্দা সুবিধা, স্বয়ংক্রিয় ডুবোযানের বিরুদ্ধে প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধির অপারেশনাল সুবিধা এবং গোপন সামুদ্রিক হুমকি শনাক্ত ও নিষ্ক্রিয় করার সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে প্রতিরোধমূলক সুবিধা।
একইসঙ্গে এই ঘটনাকে ইরান-যুক্তরাষ্ট্র প্রতিযোগিতার আরও জটিল পর্যায়ে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেও দেখা যেতে পারে। ভবিষ্যতের সামুদ্রিক শক্তির ভারসাম্য শুধু বিমানবাহী রণতরী, ক্ষেপণাস্ত্র ও ভূপৃষ্ঠের যুদ্ধজাহাজ দিয়ে নির্ধারিত হবে না; বরং সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক ডুবোযানকে ঘিরে নীরব প্রযুক্তিগত প্রতিযোগিতাও ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।#
পার্সটুডে/এনএম/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।