‘সিরিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১৭০ দায়েশ জঙ্গি নিহত হয়েছে’
-
ইরানের মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ (ফাইল ছবি)
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অবস্থানে তাদের ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন কমান্ডারসহ অন্তত ১৭০ জঙ্গি নিহত হয়েছে।
আইআরজিসি’র গণসংযোগ বিভাগ বুধবার রাতে এক বিবৃতিতে সিরিয়ায় এই বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার নতুন কিছু তথ্য প্রকাশ করতে গিয়ে একথা জানিয়েছে।
আইআরজিসি রোববার রাতে সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশে দায়েশের এক ঘাঁটিতে ছয়টি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানের রাজধানী তেহরানে গত সপ্তাহে দায়েশের সন্ত্রাসী হামলায় ১৮ জনের শাহাদাতের প্রতিশোধ নিতে ওই হামলা চালায় এ বাহিনী।
এর আগে জানানো হয়েছিল, ইরানের নিক্ষিপ্ত ছয় ক্ষেপণাস্ত্রের একটির আঘাতে ৫০ জন ও দ্বিতীয়টির আঘাতে আরো ১৫ জন দায়েশ জঙ্গি নিহত হয়েছে। বাকি চার ক্ষেপণাস্ত্রের আঘাতে সন্ত্রাসীদের সম্ভাব্য ক্ষয়ক্ষতির খবর তখনো জানানো হয়নি।
বুধবার রাতে আইআরজিসি’র গণযোগাযোগ বিভাগের বিবৃতিতে আরো জানানো হয়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরো বহু তাকফিরি জঙ্গি আহত এবং তাদের অবকাঠামো ও যুদ্ধাস্ত্রের অপূরণীয় ক্ষতি হয়েছে। এতে আরো জানানো হয়, আইআরজিসি’র বিশেষ ইউনিট সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে সিরিয়ার দেইর আজ-জোরে দায়েশ জঙ্গিদের অবস্থান চিহ্নিত করে হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে, শত্রুর সম্ভাব্য আগ্রাসনের বজ্রকঠিন জবাব দেয়ার ক্ষেত্রে তেহরান এক মুহূর্ত দেরি করবে না।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২