ইরানে ঈদ উদযাপন: ইয়েমেন, বাহরাইন ও কাশ্মির নিয়ে খুৎবা
https://parstoday.ir/bn/news/iran-i40922-ইরানে_ঈদ_উদযাপন_ইয়েমেন_বাহরাইন_ও_কাশ্মির_নিয়ে_খুৎবা
ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ বিশ্বের বহু দেশে আজ (সোমবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ইরানের কোটি কোটি জনগণ পবিত্র ঈদের নামায আদায়ের মাধ্যমে ঈদুল ফিতর উদযাপন করছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৬, ২০১৭ ০৮:৪১ Asia/Dhaka
  • ঈদ জামায়াতে ইমামতি করছেন সর্বোচ্চ নেতা
    ঈদ জামায়াতে ইমামতি করছেন সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ বিশ্বের বহু দেশে আজ (সোমবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ইরানের কোটি কোটি জনগণ পবিত্র ঈদের নামায আদায়ের মাধ্যমে ঈদুল ফিতর উদযাপন করছেন।

ইরানে প্রধান জামায়াত হয়েছে তেহরানে ইমাম খোমেনী ঈদগাহে। সেখানে ঈদের জামায়াতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। ঈদের জামায়াতের খুতবায় তিনি ইরান এবং মুসলিম বিশ্বের জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এদিনকে তিনি ক্ষমা ও পুরস্কার পাওয়ার দিন বলে উল্লেখ করেন।

তিনি আরো বলেন, এবারের রমযান ছিল ইরানি জনগণের জন্য সত্যিকার অর্থেই রহমতের মাস, দেশে একটা আধ্যাত্মিক পরিবেশ ছিল যা এবারের রোজার মাসকে সত্যিকারের রমজানে মাসে পরিণত করেছে। তিনি বলেন, এবারের রোজার শেষ শুক্রবারে আন্তর্জাতিক কুদস দিবসে ইরানের লোকজন দীর্ঘ সময় ও প্রচণ্ড গরম উপেক্ষা করে যেভাবে বিপুল সংখ্যায় অংশ নিয়েছেন তা ছিল ইতিহাসের নতুন রেকর্ড।

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, ঈদের খুশির পাশাপাশি ইয়েমেন, বাহরাইন এবং অন্য কয়েকটি মুসলিম দেশে যে আগ্রাসন চলছে তা ইসলামের দেহে মারাত্মক ক্ষতের সৃষ্টি করেছে। মুসলিম বিশ্বের অবশ্যই উচিত- ইয়েমেনের জনগণকে সমর্থন করা। বাহরাইন ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরেও একই অবস্থা চলছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “আমাদের জনগণ মুসলিম বিশ্বের এই বিরাট আন্দোলনের মেরুদণ্ডে পরিণত হতে পারে।”

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি মুসলিম বিশ্বের জনগণ ও নেতাদের প্রতি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। এছাড়া, কুদস দিবসের মিছিল ও সমাবেশে ব্যাপকভাবে অংশ নেয়ায় তিনি বিশেষভাবে ইরানের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।

ইরান ছাড়াও আজ ভারত, পাকিস্তান, চীন, মরক্কোসহ বহু দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬