ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক কার্যকরের নিন্দা জানিয়েছে ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
মুসলিমপ্রধান ছয় দেশের নাগরিকদের আমেরিকা ভ্রমণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আংশিক তুলে নেওয়ার পক্ষে যে রায় দিয়েছে ইরান এর নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে তেহরান বলেছে, নিজেদের ভূখণ্ডে সন্ত্রাসী তৎপরতায় জড়িত প্রকৃত অপরাধীদের প্রতি মার্কিন প্রশাসন অন্ধভাবে সমর্থন দিচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ (বুধবার) বলেছেন, 'সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে এটা প্রমাণিত হচ্ছে যে, মার্কিন প্রশাসন মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যমূলক নীতি বাস্তবায়ন করতে চায় এবং ওয়াশিংটন তাদের বিরুদ্ধে অন্যায় ও অবিচার করছে। অথচ এসব পদক্ষেপ মার্কিন রাষ্ট্রনায়কদের দাবির স্ববিরোধীতার চিত্রই ফুটে উঠছে।'
তিনি বলেন, 'এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে, মার্কিন ভূখণ্ডে সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত প্রকৃত সন্ত্রাসীদেরকে ওয়াশিংটন আড়াল করার চেষ্টা করছে এবং নিজেদের সংকীর্ণ অর্থনৈতিক এবং ব্যবসায়ীক উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে এ বিষয়ে তারা বিশ্বের কাছে ভূল বার্তা দিচ্ছে।'
গত সোমবার দেশটির সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের ওই আদেশের নিষেধাজ্ঞা আংশিক তুলে নেন। হোয়াইট হাউসের জরুরি একটি অনুরোধ আমলে নিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক কার্যকর করার অনুমতি দেন আদালত।
আদালত বলেছেন, আমেরিকা ভ্রমণে ইচ্ছুক ব্যক্তিরা সঠিক পরিচয় দিতে ব্যর্থ হলে ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া ও সুদানের নাগরিকদের ভ্রমণের ওপর ৯০ দিনের জন্য নিষেধাজ্ঞার পাশাপাশি আমেরিকার সব ধরনের শরণার্থী গ্রহণের কর্মসূচি ১২০ দিনের জন্য স্থগিতাদেশও বলবৎ থাকবে। ট্রাম্প আদালতের রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, এ রায় আমাদের জাতীয় নিরাপত্তার জন্য স্পষ্ট বিজয়।#
পার্সটুডে/বাবুল আখতার/২৮