সিরিয়ায় নতুন করে হামলা হলে অনিরাপদ হবে গোটা মধ্যপ্রাচ্য: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i41094-সিরিয়ায়_নতুন_করে_হামলা_হলে_অনিরাপদ_হবে_গোটা_মধ্যপ্রাচ্য_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ভিত্তিহীন অজুহাতে সিরিয়ায় নতুন করে হামলা চালানো হলে গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তাই বিনষ্ট হবে এবং পরাজয়ের দ্বারপ্রান্তে থাকা সন্ত্রাসীরা লাভবান হবে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ২৮, ২০১৭ ১৫:২৯ Asia/Dhaka
  • সিরিয়ায় নতুন করে হামলা হলে অনিরাপদ হবে গোটা মধ্যপ্রাচ্য: ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ভিত্তিহীন অজুহাতে সিরিয়ায় নতুন করে হামলা চালানো হলে গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তাই বিনষ্ট হবে এবং পরাজয়ের দ্বারপ্রান্তে থাকা সন্ত্রাসীরা লাভবান হবে।

সিরিয়ার সরকার রাসায়নিক হামলা চালাতে পারে-এমন খবর ছড়িয়ে আমেরিকা সিরিয়ায় সরকারি বাহিনীর ওপর হামলা চালানোর পায়তারা করছে বলে খবর প্রকাশিত হওয়ার পর ইরান এ প্রতিক্রিয়া জানাল। বাহরাম কাসেমি বলেছেন, আন্তর্জাতিক সমাজের উচিত মার্কিন হামলার নেতিবাচক প্রভাব নিয়ে চিন্তা করা। 

তিনি বলেন, ছয় বছরেরও বেশি সময় ধরে সিরিয়ার সরকার সর্ব শক্তি দিয়ে সন্ত্রাসবাদের মোকাবিলা করছে। এ অবস্থায় এ ধরনের ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে কেবল সন্ত্রাসী গোষ্ঠীগুলোকেই আরও শক্তিশালী করা হবে। 

গত ৭ এপ্রিল সিরিয়ার আশ-শেইরাত বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার কথা তুলে ধরে তিনি বলেন, সেই সময়ও রাসায়নিক হামলার অভিযোগ তুলে হামলা চালিয়েছিল আমেরিকা। ওই হামলার পর ইরান, রাশিয়া ও সিরিয়া এ বিষয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছিল। কিন্তু আমেরিকা ও তার মিত্র দেশগুলো এ দাবি মেনে নেয় নি। 

গত ৪ এপ্রিল সিরিয়ার ইদলিবের খান শেইখুন এলাকায় সন্দেহজনক রাসায়নিক হামলার দুই দিন পর ৭ এপ্রিল হোমসের আশ-শেইরাত বিমান ঘাঁটিতে ৫৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আমেরিকা। ওই বিমান ঘাঁটিটি সন্ত্রাসীদের বিরুদ্ধে সংগ্রামে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮