ক্ষেপণাস্ত্র, ড্রোন ও স্মার্ট বোমা তৈরিতে স্বয়ংসম্পূর্ণ ইরান: জেনারেল
-
ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদেহ
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র একজন সিনিয়র কমান্ডার বলেছেন, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য বিভিন্ন শ্রেণির ক্ষেপণাস্ত্র, ড্রোন ও স্মার্টবোমা তৈরিতে স্বয়ংসর্ম্পূণতা অর্জন করেছে তার দেশ।
ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদেহ ইরানের একদল সংসদ সদস্যের সঙ্গে বৈঠকে একথা জানান। তিনি বলেন, “ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, পাইলটবিহীন বিমান, স্মার্টবোমা, রাডার এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে ইরান।”
তিনি আরো বলেন, “এ ধরনের অন্যান্য ইস্যু প্রমাণ করেছে নিজস্ব সক্ষমতার ওপর ভিত্তি করে আমরা সব সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম।”
সামরিক ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে সাম্প্রতিক সময়ে বড় ধরনের সাফল্য অর্জন করেছে ইরান। দেশটি বারবার বলেছে, অন্য কোনো দেশের জন্য হুমকি সৃষ্টি করার কোনো ইচ্ছে তেহরানের নেই। তবে ইরানের বিরুদ্ধে কেউ আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাকে উপযুক্ত জবাব দেয়া হবে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯