মার্কিন উসকানিতে পা দেয় নি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী
-
আইআরজিসি'র স্পিডবোট (ফাইল ফটো)
পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর উসকানিমূলক তৎপরতার ফাঁদে পা দেয় নি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ফলে মার্কিন বাহিনীর উসকানিমূলক তৎপরতা ব্যর্থ হয়েছে।
আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার সকালে পারস্য উপসাগরের উত্তর এলাকায় টহল দেয়ার সময় মার্কিন বাহিনীর একটি জাহাজ থেকে আইআরজিসি’র টহল জাহাজ লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়। মার্কিন সেনাদের উসকানিমূলক ও অপেশাদারসুলভ এ বিষয়টিতে আইআরজিসি কোনো রকম মনযোগ না দিয়ে নিজেদের মিশন অব্যাহত রাখে। ফলে মার্কিন জাহাজটি কিছুক্ষণ পর ওই এলাকা থেকে চলে যায়।
পশ্চিমা কয়েকটি গণমাধ্যম খবর দিয়েছে যে, মার্কিন জাহাজের ১৫০ মিটারের মধ্যে ইরানের একটি নৌযান চলে আসার পর মার্কিন জাহাজ থেকে সতর্কতামূলক গুলি ছোঁড়া হয়। এরপর আইআরজিসি এ বিবৃতি দিয়েছে।
ইরান সবসময় বলে আসছে, পারস্য উপসাগরে ইরানি পানিসীমা কোনো রকম লঙ্ঘন করা হলে তাৎক্ষণিক ও উপযুক্ত জবাব দেয়া হবে। গত মার্চ মাসে একটি মার্কিন জাহাজ ও ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর তিনটি নৌযান হরমুজ প্রণালীর ইরানি পানিসীমার কাছে এলে আইআরজিসি’র প্রতিরোধমূলক অবস্থানের কারণে সেগুলো তাদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫