মার্কিন নিষেধাজ্ঞা বিনা জবাবে ছাড়া হবে না: প্রেসিডেন্ট রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i42864-মার্কিন_নিষেধাজ্ঞা_বিনা_জবাবে_ছাড়া_হবে_না_প্রেসিডেন্ট_রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হলে বিনা জবাবে তা পার পাবে না। মার্কিন প্রতিনিধি পরিষদে ইরান-বিরোধী নতুন নিষেধাজ্ঞা বিল পাসের পর তিনি এ কথা বললেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ২৬, ২০১৭ ১৩:০০ Asia/Dhaka
  • মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট রুহানি
    মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হলে বিনা জবাবে তা পার পাবে না। মার্কিন প্রতিনিধি পরিষদে ইরান-বিরোধী নতুন নিষেধাজ্ঞা বিল পাসের পর তিনি এ কথা বললেন।

প্রেসিডেন্ট রুহানি বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হলে তেহরান নিশ্চিতভাবে সমানুপাতিক জবাব দেবে। রাজধানী তেহরানে আজ (বুধবার) মন্ত্রিসভার বৈঠকে তিনি আরো বলেন, মার্কিন নিষেধাজ্ঞার জবাবে ইরানের জাতীয় সংসদও পাল্টা ব্যবস্থা নেবে।

ড. রুহানি বলেন, ইরানের জনগণের স্বার্থের জন্য কল্যাণকর কোনো পদক্ষেপ নিতে তেহরান মোটেই দ্বিধা করবে না এবং মার্কিনিদের নিষেধাজ্ঞা ও নীতির প্রতি মনযোগ না দিয়ে আমরা নিজেদের মতো করে পথচলা অব্যাহত রাখব।”  তিনি সুস্পষ্ট করে বলেন, আমেরিকার শত্রুতার সঙ্গে ইরানের জনগণ পরিচিত এবং সেগুলোকে কীভাবে মোকাবেলা করতে হয় তাও জানে। গত ৪০ বছরের বেশি সময় ধরে ইরান নিষেধাজ্ঞা, চাপ ও মিথ্যা অভিযোগ মোকাবেলা করে আসছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রেসিডেন্ট রুহানি বলেন, “আমেরিকা শুধু ইরানের ইসলামি সরকার ব্যবস্থার সঙ্গে শত্রুরা করছে না; দেশের জনগণের সঙ্গেও একই আচরণ করছে। আমেরিকা আসলে মধ্যপ্রাচ্য অঞ্চলে স্বাধীনতার রোল মডেল হিসেবে ইরানকে মেনে নিতে পারছে না। তবে ইরানের জনগণের অধিকার মেনে নেয়া এবং শান্তি ও সম্মানের পথ অনুসরণ করা ছাড়া আমেরিকার সামনে বিকল্প নেই।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬