মার্কিন কংগ্রেসের প্রস্তাবের মোকাবেলায় ইরানের সংসদের পাল্টা পদক্ষেপ
ইরানের সংসদ মজলিশে শূরায়ে ইসলামীর জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশন মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসন ও সন্ত্রাসী পরিকল্পনা মোকাবেলায় ২৭ ধারা বিশিষ্ট নয়টি অধ্যায়ের পরিকল্পনা প্যাকেজ অনুমোদন করেছে। ইরানের সংসদের সব সদস্যের অনুমোদনের জন্য এই পরিকল্পনা প্যাকেজ আগামী রবিবার সংসদে উত্থাপন করা হবে।
নয়টি অধ্যায়ের এই পরিকল্পনা প্যাকেজে সন্ত্রাসবাদ মোকাবেলায় সামগ্রিক পরিকল্পনা প্রণয়ন, সন্ত্রাসীদের প্রতি মার্কিন সমর্থন, আমেরিকার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা মোকাবেলা ও পাল্টা শাস্তিমূলক ব্যবস্থা, ইরানি নাগরিকদের প্রতি সমর্থন জানানো এবং এসব বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় সাধনের মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। ইরান পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে-এমন অভিযোগ তুলে মার্কিন কংগ্রেস ইরানের বিরুদ্ধে যে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে তার পাল্টা জবাব হিসেবে ইরানের সংসদও পদক্ষেপ নিতে যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু সমঝোতার নীতিমালা লঙ্ঘন করে বহুপক্ষীয় এই সমঝোতাকে অকার্যকর করার এবং ইরানকে পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে ইরানকে মোকাবেলার কথা বলে ইরানের সামরিক শক্তিকে দুর্বল করার চেষ্টার পাশাপাশি সন্ত্রাসীদের প্রতি কথিত সমর্থনের অভিযোগ তুলেছেন যাতে এর মাধ্যমে দেশটিকে চাপে রাখা যায়।
এ অবস্থায় ইরানের সংসদ মার্কিন কংগ্রেসের ইরান বিরোধী প্রস্তাবের মোকাবেলায় পরিকল্পনা প্যাকেজ চূড়ান্ত করেছে যাতে এ অঞ্চলে আমেরিকার ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড সবার সামনে তুলে ধরা যায়। একই সাথে সন্ত্রাসীদের প্রতি সমর্থন দেয়া থেকে শুরু করে বিভিন্ন দেশে চলমান হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনে মার্কিন ভূমিকার বিষয়টিও যাতে সবার কাছে স্পষ্ট হয়।
ইরানের সংসদ দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রতি যে সমর্থন দিয়েছে তা ক্ষেপণাস্ত্র ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমেরিকা ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন বলে দাবি করে আসছে। তাদের দাবি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এ অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। এমনকি ইরানের শক্তিমত্তার প্রতীক বিপ্লবী গার্ড বাহিনীকেও টার্গেট করেছে আমেরিকা।
ক্ষেপণাস্ত্র সক্ষমতার ব্যাপারে মার্কিন বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, মার্কিন কর্মকর্তাদের এসব কথাবার্তার কোনো মূল্য নেই। কারণ ইরানের ক্ষেপণাস্ত্র কেবলই প্রতিরক্ষামূলক এবং নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন নয়। #
পার্সটুডে/মো. রেজওয়ান হোসেন/১১