বিশ্বকাপ ফুটবল: গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে ইরান: আশা আছে সিরিয়ারও
https://parstoday.ir/bn/news/iran-i45288-বিশ্বকাপ_ফুটবল_গ্রুপ_চ্যাম্পিয়ন_হয়ে_চূড়ান্ত_পর্বে_ইরান_আশা_আছে_সিরিয়ারও
২০১৮ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের খেলায় শক্তিশালী ইরানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। মঙ্গলবার সন্ধ্যায় তেহরানের আযাদি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে ড্র করলেও তৃতীয় রাউন্ডের খেলায় ইরান ‘এ’ গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০১৭ ০১:৪৯ Asia/Dhaka
  • ইরান-সিরিয়া ম্যাচের একটি বিশেষ মুহূর্ত
    ইরান-সিরিয়া ম্যাচের একটি বিশেষ মুহূর্ত

২০১৮ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের খেলায় শক্তিশালী ইরানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। মঙ্গলবার সন্ধ্যায় তেহরানের আযাদি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে ড্র করলেও তৃতীয় রাউন্ডের খেলায় ইরান ‘এ’ গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।

ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মাথায় ইরানি ফরোয়ার্ড সার্দার আজমুন গোলের দারুন সুযোগ পান কিন্তু সিরিয়ার গোলরক্ষকের বিশেষ দক্ষতায় সে সুযোগ তিনি কাজে লাগাতে ব্যর্থ হন। এর তিন মিনিটের মাথায় সিরিয়াও চমৎকার গোলের সুযোগ সৃষ্টি করে কিন্তু ইরানি গোলরক্ষক কর্নারের বিনিময়ে সে গোল থেকে নিজ দলকে রক্ষা করেন। তবে ১২ মিনিটের সময় সিরিয়ার ২৭ বছর বয়সী তামের হাজ মুহাম্মাদ ইরানি দলকে তৃতীয় রাউন্ডের খেলায় গোল না খাওয়ার রেকর্ড ভেঙে দিয়ে গোল করেন।

এ পর্যায়ে ইরানি খেলোয়াড়রা আরো আক্রমণাত্মক হয়ে ওঠেন কিন্তু সিরিয়ার পেনাল্টি বক্স ভেদ করতে সক্ষম হন নি। পরে খেলার ৪৫ মিনিটের সময় আশকান দেজাগার কর্নার কিক থেকে ফরোয়ার্ড মেহেদি তারেমি হেড করলে বল বারে লেগে ফিরে আসে। কিন্তু মুহূর্তেই আজমুন বল নিজের নিয়ন্ত্রণে নেন এবং অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে তা সিরিয়ার জালে পাঠান। এ পর্যায়ে খেলায় সমতা আসে। ইনজুরি টাইমে ইরান একটি সরাসরি ফ্রি কিকের সুযোগ লাভ করে কিন্তু দেজাগার নেয়া কিক রুখে দেন সিরিয়ার গোলরক্ষক ইব্রাহিম আলমা।

দ্বিতীয়ার্ধের খেলায় ইরান আরো চাপ সৃষ্টি করে এবং ম্যাচের ৬৪ মিনিটের সময় আজমুন দ্বিতীয় গোল করে টিম ইরানকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। কিন্তু শেষ পর্যন্ত সিরিয়ার ফরোয়ার্ড ওমর আস-সোমা গোল করে ম্যাচে সমতা আনেন। আর এর মাধ্যমে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ওঠার আশা এখনো জিইয়ে রাখতে সমর্থ হলো সিরিয়া।

দিনের অন্য খেলায় উজবেকিস্তানের সঙ্গে ড্র করে দক্ষিণ কোরিয়া টানা নবমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠে গেছে। ইরানি দল তৃতীয় রাউন্ডের খেলায় ১০ ম্যাচের ছয়টিতে জয় এবং চারটিতে ড্র করে ২২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে চূড়ান্ত পর্বে উঠলো। তালিকায় ১৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ কোরিয়া দ্বিতীয় ও ১৩ পয়েন্টট নিয়ে সিরিয়া তৃতীয় অবস্থানে রয়েছে। চূড়ান্ত পর্বে ওঠার জন্য সিরিয়াকে এখন অপেক্ষা করতে হবে বি গ্রুপে সৌদি আরব ও জাপানের মধ্যকার ম্যাচের ফলাফলের জন্য। এ দুই দলের মধ্য থেকে যেকোনো একটি দলকে সিরিয়ার সঙ্গে প্লে অব ম্যাচে অংশ নিতে হবে। প্লে অব ম্যাচের বিজয়ী দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে পারবে। আগামী বছরের ১৪ জুন থেকে রাশিয়ায় ২১তম বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বের খেলা শুরু হবে এবং চলবে ১৫ জুলাই পর্যন্ত।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬