ট্রাম্পের বক্তব্য মধ্যযুগীয় চিন্তাধারা থেকে উৎসারিত: ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জাতিসংঘে দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ‘মধ্যযুগীয়’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি এক টুইট বার্তায় বলেছেন, “ট্রাম্পের মূর্খতাপূর্ণ ও ঘৃণা উদ্রেককারী বক্তব্য মধ্যযুগীয় চিন্তাধারা থেকে উৎসারিত। এই বক্তব্য একবিংশ শতাব্দির চিন্তাচেতনাকে ধারণ করে না বলে এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো অর্থহীন। ”
জারিফ বলেন, ট্রাম্প ইরানের জনগণের প্রতি সহানুভুতি দেখানোর যে ভান করেছেন তা দিয়ে ইরানি জাতিকে ধোঁকা দেয়া যাবে না। তিনি এ বক্তব্যকে আমেরিকার জনগণের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন।
মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সম্মেলনে প্রথমবারের মতো দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের আরো কয়েকটি দেশের সঙ্গে ইরানকেও আক্রমণ করে বক্তব্য রাখেন। তিনি বলেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা তার প্রশাসনের জন্য ‘বিব্রতকর পরিস্থিতি’ তৈরি করেছে।
তিনি ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে বলেন, তেহরান মধ্যপ্রাচ্যে ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী’ তৎপরতা চালাচ্ছে। ট্রাম্প আমেরিকার পুরনো দাবির পুনরাবৃত্তি করে বলেন, ইরান সন্ত্রাসবাদে সমর্থন দিচ্ছে।
ট্রাম্পের এ বক্তব্যের কিছুক্ষণ পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই বক্তব্যকে ‘ধোঁকাবাজি’ হিসেবে উল্লেখ করে বলেন, মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্য আমেরিকাকে আরো বেশি একঘরে করে ফেলবে।
জারিফ আরো বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই ‘জঘন্য ও মুর্খতাপূর্ণ’ বক্তব্য প্রমাণ করে তিনি ইরানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতি এবং সন্ত্রাস বিরোধী যুদ্ধে তেহরানের উল্লেখযোগ্য ভূমিকা সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে দেশটি ইহুদিবাদী ইসরাইলের মতো জঘন্য অপরাধী সরকারকে সমর্থন করে এবং মধ্যপ্রাচ্যের স্বৈরশাসকদের পৃষ্ঠপোষকতা দেয় সেই দেশের প্রেসিডেন্টের এ ধরনের বক্তব্য আমেরিকাকে আগের চেয়ে আরো বেশি একঘরে ও কোনঠাসা করে ফেলবে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০