কংগ্রেসে ইরান বিরোধী প্রতিবেদন দেয়ার আশঙ্কা: তেহরানের কঠোর প্রতিক্রিয়া
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি ইউরোপীয় দেশগুলো এমনকি আমেরিকার অনেক শীর্ষ কর্মকর্তা সমর্থন দেয়ার পরও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান পরমাণু সমঝোতা মানছে না।
ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ দৈনিক গার্ডিয়ান ও ফিনানশিয়াল টাইমসকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত হয়তো ইরান বিরোধী হুমকি বাস্তবায়ন করবেন এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কংগ্রেসে আগামী ১৫ অক্টোবর যে প্রতিবেদন দিতে যাচ্ছে তাতে 'ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে না' বলে দাবি করা হতে পারে। ট্রাম্প প্রশাসন যদি পরমাণু সমঝোতাকে ধ্বংস করে দেয় বা এ থেকে বেরিয়ে আসে তাহলে আমেরিকাকে উপেক্ষা করার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইউরোপ যদি এ ক্ষেত্রে ওয়াশিংটনের কথায় কান দেয় তাহলে পরমাণু সমঝোতার কোনো অস্তিত্ব থাকবে না এবং ইরান পরমাণু সংক্রান্ত যাবতীয় গবেষণা ও তৎপরতা অতীতের চাইতেও বহুগুণে বাড়িয়ে দেবে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যদি কংগ্রেসে উত্থাপিত প্রতিবেদনে পরমাণু সমঝোতার প্রতি ইরানের অবিচল থাকার বিষয়টি স্বীকার না করেন তাহলে কংগ্রেস পরবর্তী দু'ই মাসের মধ্যে ইরানের ওপর থেকে তুলে নেয়া সব নিষেধাজ্ঞা আবারো চাপিয়ে দিতে পারবে। এ ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, "ওয়াশিংটন পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে তেহরানের সামনেও নিজেকে প্রত্যাহার করে নেয়াসহ অন্যান্য সিদ্ধান্ত নেয়ার সুযোগ রয়েছে। যেমন, ইরান কালবিলম্ব না করে শান্তিপূর্ণ পরমাণু তৎপরতাকে পরমাণু সমঝোতা সইয়ের আগের অবস্থায় নিয়ে যাবে। এ ছাড়া, পরমাণু গবেষণা ও তৎপরতাকে আরো অধুনিকিকরণ করা হবে এবং ট্রাম্পের সিদ্ধান্তের বিপরীতে পরমাণু বিষয়ে যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না তেহরান।"
জারিফ বলেন, "আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানও তা থেকে বেরিয়ে যাবে।" তিনি বলেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে যদি এ চুক্তির ক্ষতি করে এবং ইউরোপীয় দেশগুলো, রাশিয়া ও চীনও যদি তা মেনে নেয় তাহলে ধরে নিতে নিতে হবে পরমাণু সমঝোতার মৃত্যু ঘটেছে।
তবে ইউরোপীয় দেশগুলো, রাশিয়া ও চীন এরই মধ্যে পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার ওপর জোর দেয়া থেকে বোঝা যায়, আমেরিকাকে একাই পথ চলতে হবে। এ ব্যাপারে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দৈনিক ওয়াশিংটন পোস্টে প্রকাশিত নিবন্ধে লিখেছেন, আমেরিকা যদি পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায় তাহলে ইউরোপীয় মিত্রদেরকে হারাতে হবে এবং সারা বিশ্বের কাছে আমেরিকা প্রতিশ্রুতি ভঙ্গকারী দেশ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। #
পার্সটুডে/মো. রেজওয়ান হোসেন/৩০