পরমাণু সমঝোতায় বিশ্ববাসীর বিজয় হয়েছে: ইউরোপীয় ইউনিয়ন
https://parstoday.ir/bn/news/iran-i47632-পরমাণু_সমঝোতায়_বিশ্ববাসীর_বিজয়_হয়েছে_ইউরোপীয়_ইউনিয়ন
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি আবারো ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নের জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই সমঝোতায় ইরানি জনগণের পাশাপাশি বিশ্ববাসীর বিজয় হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৮, ২০১৭ ০৩:০০ Asia/Dhaka
  • ফেডেরিকা মোগেরিনি
    ফেডেরিকা মোগেরিনি

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি আবারো ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নের জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই সমঝোতায় ইরানি জনগণের পাশাপাশি বিশ্ববাসীর বিজয় হয়েছে।

মঙ্গলবার জার্মানি সফরে গিয়ে মোগোরিনি এক বক্তব্যে বলেন, পরমাণু সমঝোতা ছিল ইরান ও আন্তর্জাতিক সমাজ উভয়ের জন্য সফল একটি চুক্তি। এ ছাড়া, ইরান যে এই সমঝোতা পুরোপুরি মেনে চলছে তা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ বহুবার নিশ্চিত করেছে বলেও জানান তিনি।

এই সমঝোতাকে তিনি একটি আন্তর্জাতিক দলিল হিসেবে উল্লেখ করে বলেন, এটি কোনো দ্বিপক্ষীয় চুক্তি নয় বলে কোনো একক দেশের পক্ষে তাতে পরিবর্তন আনা বা তা লঙ্ঘন করা সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বললেন মোগেরিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছেন তিনি ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেবেন। ওই সমঝোতা মেনে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে নাকি এটি থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর নতুন করে অবরোধ আরোপ করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে তিনি কংগ্রেসকে ৬০ দিনের সময় বেঁধে দিয়েছেন।

গত শুক্রবার ট্রাম্পের এ ঘোষণার পর ওইদিন রাতেই ইউরোপীয় ইউনিয়ন মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য প্রত্যাখ্যান করে জানায়, তারা এ সমঝোতার প্রতি অবিচল থেকে তা বাস্তবায়ন করে যাবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮