সিরিয়া সফরে গেলেন ইরানের সেনাপ্রধান জেনারেল বাকেরি
-
মেজর জেনারেল মোহাম্মাদ আলী বাকেরি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ আলী বাকেরি সিরিয়া সফরে গেছেন। দ্বিপক্ষীয় সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে সিরিয়ার পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে তার এ সফরের অন্যতম প্রধান লক্ষ্য।
একটি উচ্চপদস্থ সামরিক প্রতিনিধিদল নিয়ে মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছান জেনারেল বাকেরি। সেখানে তিনি সিরিয়ার সেনাপ্রধান জেনারেল আলী আব্দুল্লাহ আইয়্যুব এবং প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল ফাহাদ জাসেম আল-ফ্রেইজের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে।
এসব বৈঠকে সন্ত্রাস বিরোধী যুদ্ধে চলমান সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা হবে।
এর আগে সিরিয়ার সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আইয়্যুব গত মে মাসে তেহরান সফর করেন। সে সময় সিরিয়ার সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতে ইরানের সেনাপ্রধান জেনারেল বাকেরি উগ্র তাকফিরি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দামেস্কের প্রাণপণ যুদ্ধের প্রশংসা করেন। তিনি বলেন, উগ্র সন্ত্রাসবাদের পাশাপাশি আঞ্চলিক আগ্রাসন ও হস্তক্ষেপকামিতার বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়িয়েছে সিরিয়া।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়া ও ইরাক সরকারের অনুরোধে দেশ দু’টিকে সামরিক পরামর্শ দিয়ে যাচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮