দায়েশ বিরোধী যোদ্ধারা টিলারসনদের নির্দেশের অপেক্ষায় নেই: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i47802-দায়েশ_বিরোধী_যোদ্ধারা_টিলারসনদের_নির্দেশের_অপেক্ষায়_নেই_ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, যারা তাদের মাতৃভূমি রক্ষা করার লক্ষ্যে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা কারো নির্দেশের অপেক্ষায় নেই। দক্ষিণ আফ্রিকা সফররত জারিফ সোমবার প্রিটোরিয়ায় দু’দেশের যৌথ কমিশনের ১৩তম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৪, ২০১৭ ০৫:৪৯ Asia/Dhaka
  • প্রিটোরিয়ায় বক্তব্য রাখছেন জাওয়াদ জারিফ
    প্রিটোরিয়ায় বক্তব্য রাখছেন জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, যারা তাদের মাতৃভূমি রক্ষা করার লক্ষ্যে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা কারো নির্দেশের অপেক্ষায় নেই। দক্ষিণ আফ্রিকা সফররত জারিফ সোমবার প্রিটোরিয়ায় দু’দেশের যৌথ কমিশনের ১৩তম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সম্প্রতি সৌদি আরব সফরে গিয়ে ইরাকে সন্ত্রাস বিরোধী যুদ্ধ সম্পর্কে যে মন্তব্য করেছেন তার জবাবে জারিফ একথা বলেন। টিলারসন রোববার রিয়াদে বলেছিলেন, ইরাকে দায়েশ গোষ্ঠী নির্মূল হওয়ার পথে রয়েছে বলে এখন তার ভাষায় ‘ইরানি মিলিশিয়া’দেরকে ইরাক ত্যাগ করতে হবে।

টিলারসন আরো বলেন, ইরাকি বাহিনী যাতে তাদের দেশের নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারে সেজন্য বিদেশি যোদ্ধাদেরকে দেশটি ত্যাগ করতে হবে।

সম্প্রতি রিয়াদ সফরে গিয়ে স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন টিলারসন

টিলারসনের এই বক্তব্যের জবাবে জারিফ বলেন, দায়েশ বিরোধী যোদ্ধারা বহু আগে তাদের ঘরে ফিরে গেছে। তারা এতদিন কারো নির্দেশের অপেক্ষায় ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব যোদ্ধা যদি টিলারসনদের নির্দেশের অপেক্ষায় থাকত তাহলে দায়েশ এতদিনে বাগদাদ দখল করে ফেলত।

জাওয়াদ জারিফ বলেন, দায়েশ বিরোধী যোদ্ধারা ধর্মীয় নেতাদের ফতোয়া মেনে নিজেদের মাতৃভূমি রক্ষার জন্য যুদ্ধ করেছে। ইরান এখানে সামরিক পরামর্শ দিয়েছে মাত্র। তিনি আরো বলেন, বিভাজন ও সংঘর্ষের মধ্যে আমেরিকা তার স্বার্থ খুঁজে পেলেও ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও সহমর্মিতা প্রতিষ্ঠাকে নিজের স্বার্থ বলে মনে করে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪