ফ্রান্স যেন ভুল ঠিকানায় চলে না যায়: ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
ইরান বলেছে, পারস্য উপসাগরীয় অঞ্চলের কোনো কোনো দেশের দেয়া ভুল ঠিকানা ধরে ফ্রান্স যেন ইরানের বিরুদ্ধে অবস্থান না নেয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সাম্প্রতিক ইরান বিরোধী বক্তব্যের প্রতিক্রিয়ায় একথা বলেছে তেহরান।
ম্যাকরন বুধবার সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে বলেছিলেন, ইরানের আঞ্চলিক তৎপরতা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি কার্যকরভাবে প্রতিহত করতে হবে।
তার এ বক্তব্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি দুঃখ প্রকাশ করে বলেন, ম্যাকরনসহ ফ্রান্সের কর্মকর্তা ভালো করে জানেন, মধ্যপ্রাচ্যের গত কয়েক দশকের বাস্তবতার সঙ্গে এ ধরনের অভিযোগের মিল নেই।
তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরের মতো স্পর্শকাতর অঞ্চলের ব্যাপারে প্যারিসের বাস্তব দৃষ্টিভঙ্গি গ্রহণ করা উচিত। সেইসঙ্গে প্যারিসের উচিত মধ্যপ্রাচ্যে তার আঞ্চলিক মিত্রদেরকে গোঁড়ামি পরিহার করে যুক্তিসম্মত অবস্থান গ্রহণ করতে উৎসাহিত করা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার দেশের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, এই সমঝোতা নিয়ে কারো সঙ্গে কোনো আলোচনা হবে না বরং এটি যেভাবে আছে সেভাবেই বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া, ক্ষেপণাস্ত্র কর্মসূচিসহ ইরান নিজের প্রতিরক্ষা ক্ষেত্রে যে কড়া অবস্থান নিয়েছে সে সম্পর্কেও ফ্রান্সের সুস্পষ্ট ধারণা থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।
ইয়েমেনের ওপর সৌদি আরবের চলমান আগ্রাসনের কথা উল্লেখ করে বাহরাম কাসেমি বলেন, ইয়েমেনের নিরপরাধ জনগণের বিরুদ্ধে সৌদি আরব যে বর্বরোচিত যুদ্ধ চালাচ্ছে সে ব্যাপারে পশ্চিমা দেশগুলোর অর্থপূর্ণ নীরবতা অত্যন্ত দুঃখজনক। সৌদি শাসকগোষ্ঠী এই নীরবতাকে সবুজ সংকেত হিসেবে নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তার দেশকে অভিযুক্ত না করে ফ্রান্সের উচিত ইয়েমেনের নিরপরাধ নারী ও শিশুদেরকে সৌদি আরবের পাশবিক গণহত্যার হাত থেকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নেয়া।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২