ইরানের বিরুদ্ধে ফ্রান্সের অভিযোগ বাস্তবতার সঙ্গে খাপ খায় না: তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i48361-ইরানের_বিরুদ্ধে_ফ্রান্সের_অভিযোগ_বাস্তবতার_সঙ্গে_খাপ_খায়_না_তেহরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানিুয়েল ম্যাকরনের সাম্প্রতিক বক্তব্যে দুঃখ প্রকাশ করে বলেছেন, ফ্রান্সের কর্মকর্তারা এটা ভালো করেই জানেন যে, ইরানের বিরুদ্ধে তাদের অভিযোগ মধ্যপ্রাচ্যের বাস্তবতার সঙ্গে মোটেও খাপ খায় না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১২, ২০১৭ ১২:৩৫ Asia/Dhaka

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানিুয়েল ম্যাকরনের সাম্প্রতিক বক্তব্যে দুঃখ প্রকাশ করে বলেছেন, ফ্রান্সের কর্মকর্তারা এটা ভালো করেই জানেন যে, ইরানের বিরুদ্ধে তাদের অভিযোগ মধ্যপ্রাচ্যের বাস্তবতার সঙ্গে মোটেও খাপ খায় না।

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরন বুধবার সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে বলেছিলেন, ইরানের আঞ্চলিক তৎপরতা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি কার্যকরভাবে প্রতিহত করতে হবে। তার ওই বক্তব্যের জবাবে তেহরানের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় অঞ্চলের ঘটনাবলীর ব্যাপারে প্যারিসের উচিত দূরদৃষ্টি সম্পন্ন ও ন্যায়সঙ্গত আচরণ করা। পরমাণু সমঝোাতা নিয়ে আলোচনার সম্ভাবনাকে নাকোচ করে দিয়ে তিনি বলেছেন, ফ্রান্স এটাও জানে প্রতিরক্ষা বিষয়েও ইরান কারো সঙ্গে সংলাপে বসবে না।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বহু বিষয়ে প্রতিশ্রুতি ভ্ঙ্গ করায় ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা থেকে দূরত্ব বজায় রেখে চলার চষ্টা করে এবং পরমাণু সমঝোতা নিয়ে ফের আলোচনায় বসার মার্কিন প্রস্তাবেরও বিরোধিতা করেছে। ইউরোপের কোনো কোনো দেশ একদিকে তাদের অর্থনৈতিক স্বার্থ টিকিয়ে রাখার জন্য পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়নের প্রতি সমর্থন দিচ্ছে এবং তারা মনে করে পরমাণু সমঝোতার সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো বিষয়ের সম্পর্ক নেই। আবার তারা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে নিরাপত্তার অজুহাত দেখিয়ে ইরানের প্রতিরক্ষা বিষয়ে সংলাপে বসার বসার কথাও বলছে। কিন্তু ইরানের ব্যাপারে এ ধরণের দ্বিমুখী নীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সম্প্রতি বলেছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও মধ্যপ্রাচ্যের ঘটনাবলীর ব্যাপারে ইরানের ওপর আমেরিকা ও ইউরোপের চাপ সৃষ্টির চেষ্টা গ্রহণযোগ্য নয়। তিনি আরো বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরানের নীতি ও দেশটির প্রতিরক্ষা ইস্যুতে ইউরোপের উচিত হবে না আমরিকার সঙ্গে একই সূরে কথা বলা। তবে ইউরোপ যদি আমেরিকার সঙ্গে সুর মেলায় তাহলে আমরা সেটা মেনে নেব না। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, যতদিন পর্যন্ত ইরানকে হুমকি দেয়া হবে ততদিন পর্যন্ত প্রতিরক্ষা শক্তি বাড়ানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পরমাণু অস্ত্র নিয়ে ইরানের কোনো চিন্তাভাবনা নেই কিন্তু নিজ প্রতিরক্ষা প্রশ্নে তেহরান কোনো ছাড় দেবে না। তাই একটি স্বাধীন দেশ হিসেবে ফ্রান্সের উচিত বাস্তবতার আলোকে সব কিছু মূল্যায়ন করা। প্যারিস এটাও জানে তেহরানকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না। এ কারণে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের কোনো কোনো দেশের দেয়া ভুল ঠিকানা ধরে ফ্রান্স যেন ইরানের বিরুদ্ধে অবস্থান না নেয়।#

পার্সটুডে/মো. রেজওয়ান হোসেন/১২