পাইপ লাইনে বিস্ফোরণ; বাহরাইনের অভিযোগকে শিশুসুলভ বললো ইরান
বাহরাইনের রাজধানী মানামার কাছে তেলের পাইপ লাইনে বিস্ফোরণের পেছনে হাত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। শুক্রবার রাতে বাহরাইনের রাষ্ট্রীয় পেট্রোলিয়াম কোম্পানি বাপকো'র একটি তেল পাইপলাইনে বিস্ফোরণে আগুন ধরে যায়। পাইপ লাইনটি বাহরাইন ও সৌদি আরবের মধ্যে তেল সরবরাহের কাজে ব্যবহৃত হয়।
ওই বিস্ফোরণে কেউ হতাহত হয় নি এবং কোনো গোষ্ঠী এর দায়ও স্বীকার করে নি। কিন্তু বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমাদ আলে খালিফা এক টুইট বার্তায় দাবি করেছেন, ওই ঘটনার পেছনে ইরানের হাত রয়েছে।
আজ (রোববার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বাহরাইনের অভিযোগকে শিশুসুলভ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, "দ্বীপরাষ্ট্রটির নেতারা যেকোনো ঘটনা ঘটার পরপরই যে কাজটি করতে শিখেছেন তাহলো ইরানকে অভিযুক্ত করা। কিন্তু তাদের জানা উচিত এ ধরনের ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগের দিন শেষ হয়ে গেছে।"
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, "আমরা সব সময় বলছি সব প্রতিবেশির নিরাপত্তা ও স্থিতিশীলতাকে আমরা নিজেদের নিরাপত্তা ও স্থিতিশীলতা বলে মনে করি।"
বাহরাইনে শিয়া মুসলমানদের ওপর হামলা ও তাদের প্রতি বৈষম্যের প্রতিবাদে ২০১১ সাল থেকে সরকারবিরোধী শান্তিপূর্ণ আন্দোলন চলছে। ওই আন্দোলনকে পাশবিক উপায়ে দমন করছে দেশটির রাজতান্ত্রিক সরকার। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২