আরব লীগ হলো অকার্যকর বিধ্বস্ত বুড়ো: প্রেসিডেন্ট রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i48691-আরব_লীগ_হলো_অকার্যকর_বিধ্বস্ত_বুড়ো_প্রেসিডেন্ট_রুহানি
ইরাক এবং সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনে এ অঞ্চলের যেসব দেশ ও সামরিক বাহিনী ভূমিকা রেখেছে তাদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। একইসঙ্গে তিনি তাকফিরি এ গোষ্ঠীকে নির্মূল করার ক্ষেত্রে জনবল ও সম্পদ কাজে লাগানোর জন্য এসব দেশকে ধন্যবাদ জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২১, ২০১৭ ১৬:৩৩ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইরাক এবং সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনে এ অঞ্চলের যেসব দেশ ও সামরিক বাহিনী ভূমিকা রেখেছে তাদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। একইসঙ্গে তিনি তাকফিরি এ গোষ্ঠীকে নির্মূল করার ক্ষেত্রে জনবল ও সম্পদ কাজে লাগানোর জন্য এসব দেশকে ধন্যবাদ জানিয়েছেন।

রাজধানী তেহরানে কৃষি বিষয়ক এক সম্মেলনে বক্তৃতা করতে গিয়ে প্রেসিডেন্ট রুহানি এ ধন্যবাদ দেন। পাশাপাশি তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর প্রশংসা করেন। এছাড়া দায়েশের বিরুদ্ধে কষ্টার্জিত বিজয়ের জন্য ইরান, ইরাক, সিরিয়া ও লেবাননের জনগণ এবং সামরিক বাহিনীকে তিনি ধন্যবাদ জানান।

প্রেসিডেন্ট রুহানি বলেন, উগ্র সন্ত্রাসীরা এ অঞ্চলের মানুষের জন্য ভোগান্তি, ধ্বংস, গণহত্যা ও  বর্বরতা ছাড়া আর কিছুই বয়ে আনে নি। এ সময় তিনি আন্তর্জাতিক শক্তি ও সুনির্দিষ্ট কিছু প্রতিক্রিয়াশীল দেশের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "২১ শতাব্দিতে আমরা কল্পনাও করতে পারি নি পাশ্চাত্য, মার্কিন ও ইহুদিবাদী ইসরাইল সমর্থিত সন্ত্রাসীরা এই ধরনের বর্বর অপরাধ সংঘটিত করতে পারবে।"

প্রেসিডেন্ট রুহানি আগামীকালের (বুধবার) সোচি বৈঠকের কথা উল্লেখ করে বলেন, সেখানে তিনি রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে দায়েশ পরবর্তী সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যত নিয়ে আলোচনা করবেন।

আজকের অনুষ্ঠানে প্রেসিডেন্ট রুহানি আরব লীগের দ্বৈতনীতির সমালোচনা করেন। তিনি বলেন, এ সংস্থাটি এখন বিধ্বস্ত বৃদ্ধে পরিণত হয়েছে; এর কোনো কার্যকারিতা নেই। ইয়েমেনের বর্বর যুদ্ধে সৌদি আরবের অপরাধ নিয়ে আরব লীগ আজ পর্যন্ত কোনো কিছু বলে নি। পাশাপাশি ইরাক ও সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে ভূমিকা না নেয়ায় প্রেসিডেন্ট রুহানি আরব লীগের নিন্দা জানান। এছাড়া, ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত আগ্রাসনের বিষয়ে অন্ধের মতো আচরণ করায় আরব  লীগের সমালোচনা করেন ইরানের প্রেসিডেন্ট।#

 

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১