জাতিসংঘের মিয়ানমার বিষয়ক প্রস্তাবে ইরান ‘হ্যাঁ’ ভোট দিয়েছে
https://parstoday.ir/bn/news/iran-i50441-জাতিসংঘের_মিয়ানমার_বিষয়ক_প্রস্তাবে_ইরান_হ্যাঁ’_ভোট_দিয়েছে
মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের মানবাধিকার লঙ্ঘন বিষয়ক জাতিসংঘের প্রস্তাবে ইরান ‘হ্যাঁ’ ভোট দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৭, ২০১৭ ০৪:১৫ Asia/Dhaka
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
    পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের মানবাধিকার লঙ্ঘন বিষয়ক জাতিসংঘের প্রস্তাবে ইরান ‘হ্যাঁ’ ভোট দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।

তিনি বলেছেন, রোববারের মূল ভোটাভুটিতে ইরানের প্রতিনিধি অনুপস্থিত থাকলেও মঙ্গলবার জাতিসংঘের সচিবালয়ে আনুষ্ঠানিক চিঠি দিয়ে তেহরান ওই প্রস্তাবের পক্ষে নিজের অবস্থানের কথা জানিয়ে দিয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদ রোববার এক প্রস্তাব পাস করে ‘পদ্ধতিগত উপায়ে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের মানবাধিকার লঙ্ঘন’ বন্ধ করতে দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানায়।

রোহিঙ্গা মুসলমানদের ঘরবাড়িতে আগুন দিচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী (ফাইল ছবি)

ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবের পক্ষে ১২২ দেশ এবং বিপক্ষে ১০ দেশ ভোট দেয়। ভোটাভুটিতে ইরানসহ ২৪ দেশ অনুপস্থিত থাকে। তেহরান ঘোষণা করে, জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটির ‘রাজনৈতিক’ চরিত্রের কারণে ভোটাভুটিতে ইরানের প্রতিনিধি অনুপস্থিত ছিলেন।

তবে কাসেমি মঙ্গলবার বলেছেন, এবার জাতিসংঘের সচিবালয়ে চিঠি দেয়ার ফলে মিয়ানমার বিষয়ক প্রস্তাবের পক্ষে ইরানের ভোট রেকর্ড করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর গণহত্যা, ধর্ষণ ও জাতিগত শুদ্ধি অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭